আগস্টে দেশজুড়ে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি ও বন্যার পূর্বাভাস
- আপডেট সময় : ১০:৩৩:৫৫ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬ ৩০ বার পড়া হয়েছে

চলতি আগস্ট মাসে দেশজুড়ে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি মৌসুমি লঘুচাপ বা নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার (১ আগস্ট) বেসরকারি আবহাওয়া গবেষণা সংস্থা ‘বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম’ (বিডব্লিউওটি) তাদের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে।
সংস্থাটি জানায়, ভারতের উজান অঞ্চলে ভারী বর্ষণের কারণে বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চল, সিলেট ও ময়মনসিংহের নদ-নদীর পানি বেড়ে বন্যার ঝুঁকি তৈরি হতে পারে। পাশাপাশি খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের নিচু এলাকায় সাময়িক জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে। তবে আশার কথা হলো, এ মাসে কোনো ঘূর্ণিঝড় বা তীব্র তাপপ্রবাহের আশঙ্কা নেই। তবে বৃষ্টিহীন সময়ে বাতাসে আর্দ্রতা বেশি থাকায় ভ্যাপসা গরম অনুভূত হতে পারে।
আগস্টের প্রথম সপ্তাহের (১–৮ আগস্ট) পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের আকাশ মূলত মেঘাচ্ছন্ন থাকবে। এ সময় উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার ফলে নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে নিচু এলাকা প্লাবিত হতে পারে। তবে এই সময়ে সমুদ্র তুলনামূলক শান্ত থাকবে।
দ্বিতীয় সপ্তাহে (৯–১৬ আগস্ট) খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এ সময় বঙ্গোপসাগরে একটি মৌসুমি লঘুচাপ বা নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠতে পারে এবং সমুদ্রবন্দরে সতর্কসংকেত জারি করা হতে পারে। এছাড়া পার্বত্য চট্টগ্রামে ভারী বৃষ্টির কারণে পাহাড়ধসের ঝুঁকি বৃদ্ধি পেতে পারে।
তৃতীয় সপ্তাহে (১৭–২৪ আগস্ট) দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টিপাত অব্যাহত থাকার আভাস দেওয়া হয়েছে। সিলেট, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও রংপুর বিভাগে ভারী বর্ষণের কারণে কিছু নদ-নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে। মাসের শেষ সপ্তাহে (২৫–৩১ আগস্ট) দক্ষিণ ও পূর্বাঞ্চলে বৃষ্টির প্রবণতা বেশি থাকবে। এ সময় খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রামে উল্লেখযোগ্য বৃষ্টিপাতের পাশাপাশি বঙ্গোপসাগরে আরও একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।


























