সংস্কারের দায়িত্ব নিজেদেরই নিতে হবে: ঝালকাঠিতে হাসনাত আবদুল্লাহ

- আপডেট সময় : ১০:২৭:০৯ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬ ৮ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, গণ-অভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন করতে দেশের স্বার্থে প্রয়োজনীয় সংস্কারের দায়িত্ব নিজেদেরই নিতে হবে। রোববার বিকেলে ঝালকাঠির রাজাপুর উপজেলার বাইপাস মোড়ে এনসিপির কেন্দ্রীয় পদযাত্রা কর্মসূচি শেষে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সমাবেশে কেন্দ্রীয় ও স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
গণ-অভ্যুত্থানের সময়ের স্লোগানের কথা স্মরণ করিয়ে দিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘সে সময় আমরা স্লোগান দিয়েছিলাম—তুমি কে, আমি কে, বিকল্প, বিকল্প। সেই বিকল্প রাজনীতিকে প্রতিষ্ঠা করতে দেশের স্বার্থে প্রয়োজনীয় সংস্কারের দায়িত্ব আমাদেরই নিতে হবে।’ তিনি আরও বলেন, নির্বাচনের আগে জনগণের কাছে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা বাস্তবায়নে তারা জনগণের পক্ষে কথা বলে যাচ্ছেন।
সংসদে নিজের ভূমিকার কথা উল্লেখ করে এনসিপির এই নেতা বলেন, গত পাঁচ মাসে তিনি কোনো রক্তচক্ষুকে ভয় পাননি। তিনি মিডিয়া মাফিয়া, ভূমিখেকো, ব্যাংক ডাকাত ও ভোটচোরদের বিরুদ্ধে সরাসরি কথা বলে যাচ্ছেন। তিনি অভিযোগ করেন, আগে এস আলম ব্যাংক ও দেশের সম্পদ লুট করেছে এবং কেউ বিদ্যুৎ খাতে দুর্নীতি করেছে। বর্তমানে স্থানীয় দলের নেতারা বালু, নদী ও গরু চুরির সঙ্গে জড়িত বলে মন্তব্য করে তিনি বলেন, জনগণের সম্পদ লুটের এই সংস্কৃতি বন্ধ করতে হবে।
দুর্নীতি, লুটপাট ও দখলদারত্বের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান হাসনাত আবদুল্লাহ। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, জনগণের সম্পদ রক্ষায় কোনো ধরনের আপস করা হবে না।
সমাবেশে বক্তব্য দেন এনসিপির রাজনৈতিক পর্ষদ সদস্য আলী আহসান জুনায়েদ, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য ও দলের রাজনৈতিক পর্ষদ সদস্য মাহমুদা আলম, যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান এবং রাজাপুর উপজেলা এনসিপির সভাপতি শাহরিয়ার শাকিল। এ সময় হাসনাত আবদুল্লাহ রাজাপুর উপজেলা চেয়ারম্যান পদে দলের প্রার্থী হিসেবে যুগ্ম মুখ্য সমন্বয়ক মো. আরিফুর রহমানের নাম ঘোষণা করেন।




























