যুক্তরাষ্ট্রের টানা হামলার জবাবে সিরিয়ায় ইরানের পাল্টা আঘাত
- আপডেট সময় : ০৩:০৯:৪৮ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬ ২২ বার পড়া হয়েছে

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে টানা নবম রাতের মতো ইরানের ওপর হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এর জবাবে সিরিয়ায় ‘শত্রুবাহিনীর নিয়ন্ত্রণকেন্দ্রে’ আকস্মিক পাল্টা হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। এদিকে চলমান এই সংঘাতের জেরে কুয়েত তাদের আকাশসীমায় ড্রোন প্রতিহত করেছে এবং বাহরাইনে সতর্কতাসূচক সাইরেন বাজানো হয়েছে।
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) রোববার গভীর রাতে এই নতুন দফার হামলা শুরুর ঘোষণা দেয়। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সেন্টকম জানায়, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ ও বেসামরিক নাবিকদের ওপর হামলা চালাতে ব্যবহৃত ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করাই এই অভিযানের লক্ষ্য। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকে তেহরানও পাল্টা জবাব দিয়ে আসছে। এই সংঘাতের ফলে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে, যা দিয়ে আগে বিশ্বের মোট তেলের প্রায় এক-পঞ্চমাংশ সরবরাহ করা হতো।
মার্কিন আগ্রাসনের জবাবে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ-তে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, তারা সিরিয়ার দক্ষিণ-পূর্বে আল-তানফ অঞ্চলে শত্রুপক্ষের বিশেষ অভিযান নিয়ন্ত্রণকেন্দ্রে এক আকস্মিক হামলা চালিয়েছে। টেলিগ্রামে দেওয়া ওই বিবৃতিতে তারা একে ‘শহীদ সেনাদের রক্তের প্রতিশোধ’ হিসেবে উল্লেখ করেছে। এর আগে রোববার তেহরান দাবি করেছিল, গত এক সপ্তাহের হামলার প্রতিক্রিয়া হিসেবে তারা কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের দুটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে, যাতে একটি নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রসহ বিভিন্ন পরিবহন ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে সোমবার ভোরে কুয়েতের সেনাবাহিনী তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সক্রিয় করার কথা জানায়। কুয়েত সেনাবাহিনীর অফিসিয়াল এক্স হ্যান্ডেলে বলা হয়, শত্রুপক্ষের ড্রোন হামলা প্রতিহত করতে তাদের প্রতিরক্ষাব্যবস্থা প্রস্তুত রয়েছে এবং যেকোনো বিস্ফোরণের শব্দ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সক্রিয় থাকারই ইঙ্গিত। অন্যদিকে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিমান হামলার সতর্কতাসূচক সাইরেন বেজে ওঠায় তারা নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে। এছাড়া, জর্ডানও রোববার ক্ষেপণাস্ত্র প্রতিহত করার তথ্য নিশ্চিত করেছে।



























