নেত্রকোনায় ট্রেনের ধাক্কায় পোশাককর্মীর মৃত্যু
- আপডেট সময় : ০৩:০০:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ৬ বার পড়া হয়েছে

নেত্রকোনা পৌরশহরে আন্তনগর ট্রেনের চাকায় কাটা পড়ে মুহিদ খান রিফাত (২২) নামে এক পোশাককর্মী নিহত হয়েছেন। নিহত রিফাত মোহনগঞ্জ উপজেলার তেতুলিয়া ইউনিয়নের বড় পাইকুড়া গ্রামের মঈনুল কবীর খানের ছেলে। তিনি ঢাকায় একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন।
শুক্রবার সকালে শহরের রাজুর বাজার রেল কালভার্ট এলাকায় হাওড় এক্সপ্রেস আন্তনগর ট্রেনের নিচে কাটা পড়ে এই দুর্ঘটনা ঘটে। নেত্রকোনা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার খানে আলম খান জানান, ট্রেনের চাকায় কাটা পড়ার পর মুহিদ খান ছিটকে গিয়ে রেলপথের পাশে থাকা একটি ডোবায় পড়ে যান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের কর্মীরা লাশ উদ্ধার করে নেত্রকোনা মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।
এ বিষয়ে নেত্রকোনা মডেল থানার উপপরিদর্শক মো. আকমল জানান, মরদেহ বর্তমানে ঘটনাস্থলেই রাখা হয়েছে। বিষয়টি রেলওয়ে পুলিশকে অবহিত করা হয়েছে। তাদের কাছে লাশ বুঝিয়ে দেওয়া হবে এবং রেলপুলিশই পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করবে।




























