কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ২ সদস্য গ্রেফতার
- আপডেট সময় : ১২:২৫:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬ ১২০ বার পড়া হয়েছে

মশিউর রহমান,
কুমিল্লা জেলা প্রতিনিধি:
কুমিল্লা জেলা সদর আলেখারচর এলাকায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের অভিযানে চোরাই মোটরসাইকেল সহ আন্তঃজেলা চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ, এ সময় ১টি চোরাই Yamaha FZS V4 মোটরসাইকেল উদ্ধার করা হয়।
৮ মে শুক্রবার কুমিল্লা জেলার সদর উপজেলার আলেখারচর এলাকা থেকে তাদেরকে আটক করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, মেহেদী হাসান সাজ্জাদ (২৫), পিতা: বাড়ি নড়াইল জেলার লোহাগড়া থানার বাকা পশ্চিমপাড়া এলাকার আব্দুল খালেক মোল্লার ছেলে, পুলিশের তথ্য মতে, তার বিরুদ্ধে ৬টি মামলা রয়েছে, অপর গ্রেফতারকৃত ব্যক্তি হলেন আব্দুল্লাহ আল নোমান ওরফে আদর (২৫), বাড়ি চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানার রায়পুর দুর্গাপুর ইউনিয়ন এলাকার আবুল কামালের ছেলে।
কুমিল্লা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ সূত্রে জানা যায়, অপরাধ নিয়ন্ত্রণে কুমিল্লা জেলা পুলিশ সুপার আনিসুজ্জামান এর দিক নির্দেশনায় জেলা জুড়ে থানা পুলিশ ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় কুমিল্লা জেলা গোয়েন্দা শাখার ১টি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কোতয়ালী মডেল থানার আলেখারচর বিশ্বরোড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ‘বিসমিল্লাহ এসি মটরস’ এর সামনে কয়েকজন চোরাই মোটরসাইকেল বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে,
পরে ডিবি পুলিশের একটি চৌকস দল সেখানে অভিযান চালিয়ে ১টি Yamaha FZS V4 মোটরসাইকেল উদ্ধারসহ চোর চক্রের ২ সদস্যকে হাতেনাতে গ্রেফতার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামসুল আলম শাহ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা পুলিশকে জানিয়েছে, তারা মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানা এলাকা থেকে মোটরসাইকেলটি চুরি করে কুমিল্লায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসে।
এছাড়া দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে বিভিন্ন জেলায় বিক্রি করে আসছিল বলেও স্বীকার করেছে তারা।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে, পাশাপাশি অপরাধ দমনে কুমিল্লা জেলা পুলিশের এ ধরনের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।





























