যুক্তরাষ্ট্রের কাছে কখনো আত্মসমর্পণ করবে না ইরান: পররাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় : ০৮:১৪:০৫ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ১৫ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের চাপ ও হুমকির মুখে ইরান কখনো আত্মসমর্পণ করবে না বলে দৃঢ় অবস্থান ব্যক্ত করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। একই সঙ্গে তিনি ওয়াশিংটনের সঙ্গে আলোচনার পথ খোলা রাখার কথাও উল্লেখ করেছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) গভীর রাতে ইরাকি মিডিয়া নেটওয়ার্ক আল-আখবারিয়াহ-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
আব্বাস আরাঘচি বলেন, ওয়াশিংটনের সঙ্গে ইরানের বিরোধের মূল কারণ হলো মার্কিন আধিপত্য মেনে নিতে তেহরানের অস্বীকৃতি এবং ইসলামী শাসনব্যবস্থার প্রতি যুক্তরাষ্ট্রের বিরোধিতা। তিনি দাবি করেন, পারমাণবিক ইস্যুটি এক্ষেত্রে কেবল একটি অজুহাত মাত্র।
যুক্তরাষ্ট্রের সঙ্গে অতীতের আলোচনার অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, এর আগে তিন দফা আলোচনার পরও ইরানকে সংঘাতের মুখে পড়তে হয়েছে। ফলে মার্কিন পক্ষের ওপর কোনো আস্থা রাখা কঠিন।
সাক্ষাৎকারে ইরানি পররাষ্ট্রমন্ত্রী জানান, হরমুজ প্রণালি পুনরায় চালু এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা এগিয়ে নেওয়ার লক্ষ্যে ইরান সাত দিনের একটি প্রস্তাব দিয়েছে। তবে এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য ওয়াশিংটনকে পূর্বের সমঝোতায় দেওয়া প্রতিশ্রুতিগুলো পূরণ করতে হবে। তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র শর্তগুলোতে সম্মতি দিলেও এর সঙ্গে নতুন কিছু বিষয় যোগ করতে চাইছে। কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় এ বিষয়ে আলোচনা চলছে এবং ইসলামাবাদ সমঝোতা স্মারকের আওতায় যুক্তরাষ্ট্রকে তাদের সব প্রতিশ্রুতি পূরণ করতে হবে বলে তিনি জানিয়েছেন।




























