নেটফ্লিক্সে আসছে ‘মহানগর’ ও ‘বোহেমিয়ান ঘোড়া’
- আপডেট সময় : ০৬:২৭:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ১৮ বার পড়া হয়েছে

বাংলা ভাষার কনটেন্টকে আন্তর্জাতিক দর্শকদের কাছে আরও বিস্তৃতভাবে পৌঁছে দেওয়ার লক্ষ্যে জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের সঙ্গে অংশীদারিত্বের ঘোষণা দিয়েছে হইচই। এই চুক্তির আওতায় আগামী দুই বছরে হইচইয়ের নির্বাচিত জনপ্রিয় সিরিজ ও নতুন অরিজিনাল কনটেন্টগুলো হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় উপভোগ করতে পারবেন দর্শকরা।
এই উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশের আলোচিত দুটি প্রযোজনা নেটফ্লিক্সের গ্লোবাল ক্যাটালগে যুক্ত হচ্ছে। এর মধ্যে রয়েছে আশফাক নিপুণ পরিচালিত থ্রিলার সিরিজ ‘মহানগর’ এবং অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত ‘বোহেমিয়ান ঘোড়া’ (শাদী কা সিয়াপ্পা)। এর মাধ্যমে বাংলাদেশের ওয়েব কনটেন্ট আন্তর্জাতিক পরিসরে আরও বড় পরিসরে পৌঁছানোর সুযোগ তৈরি হবে।
এই দুটি প্রযোজনা ছাড়াও হইচইয়ের তালিকা থেকে আরও বেশ কিছু সিরিজ ও সিনেমা নেটফ্লিক্সে যুক্ত হবে। তালিকায় রয়েছে ‘ম্যাডাম ইন্সপেক্টর’, ‘সম্পূর্ণা’, ‘লজ্জা’, ‘একেন’, ‘অজানা ছায়া’, ‘দ্য কার্স অব পারনাশাবাড়ী’, ‘ব্লাডলাইনস’, ‘দ্য অ্যাডভেঞ্চার্স অব দাদি অ্যান্ড জাগগা’, ‘রাত অভি বাকী হ্যায়’, ‘অচিন্ত্য: ট্রায়াল বাই ল’জ’, ‘কুইন্স’ ও ‘পরিণীতা: এ লাভ স্টোরি’।
চুক্তি অনুযায়ী, হইচইয়ের নতুন অরিজিনাল কনটেন্টগুলো তাদের নিজস্ব প্ল্যাটফর্মে মুক্তির পাশাপাশি নেটফ্লিক্সেও হিন্দি, তামিল ও তেলুগু ডাবিংয়ে প্রকাশ করা হবে। এই উদ্যোগের শুরুর দিকে থাকা আকর্ষণগুলোর মধ্যে অন্যতম হলো লোককথানির্ভর হরর সিরিজ ‘দ্য কার্সড টেম্পল অব কৌরিবুড়ি’। জিতু কামাল, শোলাঙ্কি রায় ও পাওলি দাম অভিনীত এই সিরিজটি আগামী ৬ নভেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে।
পাশাপাশি, হইচই স্টুডিওর প্রযোজনায় নতুন কিছু অরিজিনাল সিরিজও নির্মিত হবে, যেখানে জনপ্রিয় গল্পগুলোকে নতুন আঙ্গিকে ও ভিন্ন দৃষ্টিভঙ্গিতে তুলে ধরার পরিকল্পনা রয়েছে। নতুন সিরিজগুলোর বিস্তারিত তথ্য পরবর্তী সময়ে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। নেটফ্লিক্সের সঙ্গে এই সহযোগিতার ফলে বাংলা গল্পের পাশাপাশি বাংলাদেশের নির্মাতা ও অভিনয়শিল্পীদের কাজও আন্তর্জাতিক দর্শকের সামনে আরও বড় পরিসরে তুলে ধরার সুযোগ তৈরি হচ্ছে।





























