পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাস দমনে সেনা ক্যাম্প পুনঃস্থাপনের দাবি খেলাফত মজলিসের
- আপডেট সময় : ০৭:১০:৩১ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ২ বার পড়া হয়েছে

খাগড়াছড়ি ও রাঙামাটির সাজেক পর্যটনকেন্দ্রে পর্যটকদের অবরুদ্ধ করে রাখা এবং আইনশৃঙ্খলা বাহিনীর ওপর সশস্ত্র হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে খেলাফত মজলিস। শনিবার বিকেলে রাজধানীর পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত দলের ত্রৈমাসিক কেন্দ্রীয় নির্বাহী বৈঠকে নেতারা এই দাবি জানান। বৈঠকে সভাপতিত্ব করেন দলের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ এবং সভা পরিচালনা করেন মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।
বৈঠকে নেতারা অভিযোগ করেন, গত কয়েক দিন ধরে পার্বত্য অঞ্চলের সাজেকে পাহাড়ি সশস্ত্র গোষ্ঠীগুলো প্রায় তিন হাজার পর্যটককে অবরুদ্ধ করে রাখে, যা সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি করেছে। পর্যটকদের উদ্ধারে যাওয়ার সময় গত বৃহস্পতিবার সেনাসদস্য ও পুলিশের ওপর সশস্ত্র হামলা চালানো হয়। এই ঘটনায় অন্তত নয়জন সেনাসদস্য ও পুলিশ সদস্য আহত হয়েছেন বলে বৈঠকে উল্লেখ করা হয়। এ ধরনের সশস্ত্র সন্ত্রাস দমন এবং পার্বত্য চট্টগ্রামে জননিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে সেনা ক্যাম্প পুনঃস্থাপনের দাবি জানিয়েছেন নেতারা।
বৈঠকে দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়। জ্বালানি তেল, সিলিন্ডার গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতিতে ক্ষোভ জানিয়ে নেতারা এসব পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনার আহ্বান জানান।
এছাড়া সংবিধান সংস্কারের বিষয়ে নেতারা বলেন, গণঅভ্যুত্থানের চেতনা ও জনগণের রায়কে উপেক্ষা করে একতরফাভাবে ১৯৭২ সালের সংবিধান বহাল রাখার উদ্যোগ নেওয়া হচ্ছে। তারা অবিলম্বে সংসদে প্রতিনিধিত্বকারী সব রাজনৈতিক দলের সমন্বয়ে একটি ‘সংবিধান সংস্কার পরিষদ’ গঠন এবং গণরায় অনুযায়ী সংবিধানের পূর্ণাঙ্গ রূপরেখা বাস্তবায়নের দাবি জানান।
বৈঠকে দলের কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা আহমদ আলী কাসেমী, অধ্যাপক আবদুল্লাহ ফরিদ, অধ্যাপক সিরাজুল হক, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, এবিএম সিরাজুল মামুন, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক মো. আবদুল জলিল, ডা. এ এ তাওসিফ এবং সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমানসহ কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।




























