বিজয়কে ‘লাকি চার্ম’ আখ্যা দিয়ে রাজনীতির সিদ্ধান্তের প্রশংসা সামান্থার
- আপডেট সময় : ০৫:৫৪:২২ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ২ বার পড়া হয়েছে

জনপ্রিয় তামিল অভিনেতা ও রাজনীতিক বিজয়ের প্রতি মুগ্ধতা প্রকাশ করেছেন দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। বিজয়কে নিজের ‘লাকি চার্ম’ বা সৌভাগের প্রতীক হিসেবে বর্ণনা করার পাশাপাশি অভিনয়ের চড়া সাফল্যের মাঝে রুপালি পর্দা ছেড়ে জনসেবা ও রাজনীতিতে যোগ দেওয়ার সিদ্ধান্তেরও ভূয়সী প্রশংসা করেছেন তিনি।
সম্প্রতি ‘সেলিব্রিটি মাস্টারশেফ তামিল’ রিয়্যালিটি শোয়ের একটি আসন্ন পর্বে অতিথি হিসেবে উপস্থিত হয়ে সামান্থা তার প্রিয় সহ-অভিনেতা সম্পর্কে কথা বলেন। অনুষ্ঠানের ‘হিরো ভার্সেস ভিলেন’ পর্বে সঞ্চালক আরজে বিজয় তাকে প্রিয় তারকার নাম জিজ্ঞেস করলে তামিল সুপারস্টার বিজয়ের নাম প্রকাশ করেন সামান্থা।
বিজয়ের সঙ্গে কাজের অভিজ্ঞতা তুলে ধরে সামান্থা বলেন, “তিনি আমার লাকি চার্ম। তার সঙ্গে তিনটি সুপারহিট ছবিতে কাজ করেছি।” তাদের যৌথ কাজের মধ্যে রয়েছে ‘কাঠথি’ (২০১৪), ‘থেরি’ (২০১৬) ও ‘মেরসাল’ (২০১৭)। এই তিনটি বাণিজ্যিক সিনেমাই বিশ্বজুড়ে বক্স অফিসে দারুণ সাফল্য অর্জন করে এবং প্রতিটির আয় ১০০ কোটি রুপির বেশি ছাড়িয়ে যায়। এর মধ্যে ‘মেরসাল’ ছবিটি ২৫০ কোটি রুপি উপার্জনের বিশেষ মাইলফলক স্পর্শ করে।
চলচ্চিত্র ক্যারিয়ারের শীর্ষে থেকে রাজনীতিতে নামার সাহসী পদক্ষেপ প্রসঙ্গে সামান্থার মন্তব্য, “চলচ্চিত্রজগতে সাফল্যের শিখরে থাকা অবস্থায় জনসেবার জন্য রাজনীতিতে আসার সিদ্ধান্ত নেওয়া সহজ নয়।” বিজয়ের নেতৃত্ব ও ব্যক্তিত্বের প্রশংসা করে তিনি আরও যুক্ত করেন, “একজন মানুষ হিসেবে তিনি অনুপ্রেরণা। কোটি কোটি ভক্ত থাকা সত্ত্বেও নেতা হওয়ার, সুশাসনের দায়িত্ব নেওয়ার সিদ্ধান্ত—নীরবে, মনোযোগ দিয়ে এবং পর্দার আড়ালে কঠোর পরিশ্রম করে যাওয়া—এসবই অনুপ্রেরণাদায়ক।”



























