মুক্তাগাছায় পুলিশের বিশেষ অভিযানে মাদক ও জুয়াড়ি সহ গ্রেপ্তার ১৫
- আপডেট সময় : ০৪:৪৯:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

ময়মনসিংহের মুক্তাগাছায় গত ২৪ ঘণ্টায় থানা-পুলিশের পৃথক বিশেষ অভিযানে ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক, জুয়া এবং বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামিদের ধরতে এই অভিযান পরিচালিত হয়। শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, এসআই হাসিবুল হাসানের নেতৃত্বে পরিচালিত মাদকবিরোধী অভিযানে ধীতুয়া এলাকার সূর্যের খাদ্য মিলের সামনের পাকা রাস্তা থেকে ২০০ গ্রাম গাঁজাসহ রিপন মিয়া (৩৫), বাবলু মিয়া (৩০) এবং শরীফ হোসেনকে (৪২) গ্রেপ্তার করা হয়।
অপরদিকে, এসআই মোহাম্মদ মিঠু মিয়ার নেতৃত্বে দাওগাঁও এলাকায় অভিযান চালিয়ে একটি নির্মাণাধীন বসতঘর থেকে জুয়া খেলার সময় ছয়জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন নাসির উদ্দিন (৫০), আব্দুল মান্নান (৬০), আলম হোসেন (২৮), শামছুল হক (৩৫), সাইদুল ইসলাম (৩৪) এবং মোশারফ হোসেন (৩৪)।
এছাড়া মুক্তাগাছা পৌরসভার মধ্যহিস্যা প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে পুলিশ আইনের ৩৪ ধারায় খাইরুল ইসলাম (৪৫) ও মোশারফ হোসেন (৩২) নামের আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আদালতের পরোয়ানাভুক্ত চারজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ওসি কামরুল ইসলাম জানিয়েছেন, আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।


























