ব্যালন ডি’অর জয়ের অপেক্ষায় লন্ডনের মাটিতে হ্যারি কেইন
- আপডেট সময় : ০৬:০৯:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ২ বার পড়া হয়েছে

ফুটবল বিশ্বের মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের আসর এবার বসছে লন্ডনে। নিজের শহর লন্ডনে আয়োজিত এই অনুষ্ঠানে বায়ার্ন মিউনিখ ও ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইনকে ঘিরে প্রত্যাশার পারদ তুঙ্গে। বাজির দরেও বর্তমানে তিনি সবার চেয়ে এগিয়ে রয়েছেন। ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড গত মৌসুমে ক্লাব ও জাতীয় দলের হয়ে রেকর্ড ৭৩টি গোল করেছেন। ইতিহাস বলছে, ২০১১-১২ মৌসুমে লিওনেল মেসির ৮২ গোলের পর এটিই কোনো খেলোয়াড়ের এক মৌসুমে দ্বিতীয় সর্বোচ্চ গোলসংখ্যা।
ব্যালন ডি’অর জয়ের লড়াইয়ে এগিয়ে থাকলেও কেইন ফলাফল নিয়ে বেশ শান্ত ও সংযত। তিনি বলেন, আমি এগুলো নিয়ে খুব একটা ভাবতে চাই না। সত্যি বলতে, মাথায় না আনাটা কঠিন। চারদিকে অনেক গুঞ্জন শোনা যাচ্ছে, তাই এসব থেকে যথাসম্ভব দূরে থাকার চেষ্টা করছি। সোমবার রাতের মুহূর্তটি আমি কেবল উপভোগ করতে চাই। এটি নিঃসন্দেহে বিশাল এক আয়োজন এবং দারুণ একটি মুহূর্ত। একই সঙ্গে তিনি জানান, রোববারে দলের গুরুত্বপূর্ণ ম্যাচ থাকায় তিনি পুরস্কারের বিষয়টি নিয়ে বেশি ভাবছেন না।
তবে কেইনের পথ মোটেও মসৃণ নয়। এবারের লড়াই বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। তার প্রধান প্রতিদ্বন্দ্বীদের মধ্যে রয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী জুটি লামিন ইয়ামাল ও রদ্রি। এছাড়াও ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে এবং বায়ার্নে তার ক্লাব সতীর্থ মাইকেল ওলিসও পুরস্কারটি পাওয়ার দৌড়ে রয়েছেন।
ব্যালন ডি’অর বিজয়ী নির্বাচনের ক্ষেত্রে একক পারফরম্যান্স, মাঠের ব্যক্তিত্ব, দলীয় সাফল্য এবং আভিজাত্য ও ফেয়ার-প্লে বিবেচনায় নেওয়া হয়। পরিসংখ্যানের দিক থেকে কেইন সেখানে শতভাগ সফল। টটেনহ্যামে দীর্ঘ সময় ট্রফিহীন থাকার পর বায়ার্নে যোগ দিয়ে গত মৌসুমে লিগ ও কাপ মিলিয়ে জোড়া ট্রফি জিতেছেন তিনি। বর্তমানে তার ক্যারিয়ারে দলীয় ট্রফির সংখ্যা পাঁচে রূপ নিয়েছে। তবে চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্নের সেমিফাইনাল থেকে বিদায় এবং বিশ্বকাপে ইংল্যান্ডের তৃতীয় হওয়া তার অর্জনের পথে কিছুটা প্রভাব ফেলতে পারে। বিশ্বকাপে কেইনের পা থেকে এসেছিল ছয় গোল ও একটি অ্যাসিস্ট।
সবশেষ ২০০১ সালে মাইকেল ওয়েন ইংলিশ খেলোয়াড় হিসেবে ব্যালন ডি’অর জিতেছিলেন। আর বায়ার্ন মিউনিখের শেষ খেলোয়াড় হিসেবে ১৯৮১ সালে এই সম্মাননা হাতে তুলেছিলেন কার্ল রুমেনিগে। সোমবারের রাতটি নিজের জন্য বিশেষ কিছু হবে বলে আশাবাদী কেইন। তিনি বলেন, আমি জানি এটা ফুটবল বিশ্বের অন্যতম সেরা আয়োজন। আমি সত্যিই এর জন্য উন্মুখ হয়ে আছি। আশা করি, রাতটি বিশেষ কিছুই হয়ে থাকবে।




























