ঢাকার ভাটারা থেকে ১৯ পরোয়ানাভুক্ত পলাতক আসামি মিজানুর গ্রেপ্তার
- আপডেট সময় : ০৮:৩১:০৬ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

আদালতের ১৯টি গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি মিজানুর রহমানকে (৩৪) গ্রেপ্তার করেছে পুলিশ। গোমস্তাপুর থানা-পুলিশের একটি দল ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভাটারা থানা-পুলিশের সহায়তায় শুক্রবার (২৩ অক্টোবর) রাতে ঢাকার ভাটারা এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করে।
গ্রেপ্তার হওয়া মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়নের কাজিগ্রাম (মিরাপুর) এলাকার ইমরান আলীর ছেলে। তিনি স্থানীয় বেসরকারি সংস্থা (এনজিও) 'মধুমতি'র আইটি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, আসামি মিজানুর রহমান দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পলাতক ছিলেন। গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, নতুন করে থানায় যোগদানের পর বকেয়া থাকা গ্রেপ্তারি পরোয়ানাগুলো তামিলের বিশেষ পদক্ষেপ নেওয়া হয়। পরবর্তীতে আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করে শুক্রবার রাতে ঢাকার ভাটারা এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার করার পর শনিবার মিজানুরকে ঢাকার ভাটারা থেকে গোমস্তাপুর থানায় নিয়ে আসা হয়। এরপর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন ওসি নাজমুল হক।



























