সিরিয়ার বিজয় প্রজন্ম থেকে প্রজন্মে স্মরণ করা হবে: এরদোয়ান
- আপডেট সময় : ০১:০৯:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে

সিরিয়ার জনগণ ২০২৪ সালের ৮ ডিসেম্বর একটি বড় বিজয় অর্জন করেছে, যা আগামী বহু বছর ধরে স্মরণ করা হবে এবং প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়বে। তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একেপি) সংসদীয় দলের বৈঠকে বুধবার তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান এ মন্তব্য করেন।
এরদোয়ান বলেন, প্রায় ১৪ বছরের দমন-পীড়নের পর সিরিয়ায় শান্তি, স্থিতিশীলতা ও স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসতে শুরু করেছে। তবে তিনি সতর্ক করে দিয়ে বলেন যে, ইসরাইলের উসকানিমূলক কর্মকাণ্ড বর্তমান পরিস্থিতির জন্য চ্যালেঞ্জ তৈরি করছে।
তুরস্কের প্রেসিডেন্ট আরও বলেন, সিরিয়ার প্রেসিডেন্ট আহমদ আল-শারার নেতৃত্বে দেশটির জনগণ ঐক্য ও সংহতির ভিত্তিতে নিজেদের একটি অভিন্ন ভবিষ্যৎ গড়ে তুলছে। উত্তর সিরিয়ায় একীভূতকরণ প্রক্রিয়া সম্পন্ন হলে দেশটিতে সম্পূর্ণ নতুন এক অধ্যায়ের সূচনা হবে বলে তিনি আশা প্রকাশ করেন। এ সময় সিরিয়ার প্রতি তুরস্কের সমর্থন অব্যাহত থাকবে বলেও তিনি পুনর্ব্যক্ত করেন।
সাবেক শাসনামলে রক্তপাতের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনার বিষয়েও কথা বলেন এরদোয়ান। তিনি উল্লেখ করেন, সিরিয়ায় এখন উল্লেখযোগ্য পরিবর্তন ঘটছে, যা স্বৈরশাসক ও হত্যাকারীদের জন্য শিক্ষণীয় হয়ে থাকবে। তিনি আরও বলেন, “নিপীড়িত মানুষের আর্তনাদ কখনোই উপেক্ষিত থাকে না।”
এই প্রসঙ্গে সিরিয়ার সাধারণ গোয়েন্দা সংস্থা গত সপ্তাহে আলি কায়ালি নামে পরিচিত মিহরাজ উরালকে গ্রেপ্তার করেছে। ২০১৩ সালে বেনিয়াসে সংঘটিত হত্যাযজ্ঞের অন্যতম প্রধান অভিযুক্ত মিহরাজ সীমান্ত পেরিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করার সময় আটক হন।
সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের শাসনের অবসানের পর দেশটিতে রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতিতে বড় ধরনের পরিবর্তন এসেছে। তুরস্ক দীর্ঘ সময় ধরে সিরিয়ার বিরোধী শক্তিগুলোর প্রতি সমর্থন দিয়ে এসেছে। বর্তমানে আঙ্কারা সিরিয়ার নতুন নেতৃত্বের সঙ্গে সম্পর্ক জোরদার এবং দেশটির স্থিতিশীলতা প্রতিষ্ঠার পক্ষে অবস্থান নিয়েছে।
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৬, ১৩: ০৫আপডেট : ২২ অক্টোবর ২০২৬, ১৩: ০৫


























