অনুমতিহীন পথে মাউন্ট কিনাবালু আরোহণ, ক্রোয়েশীয় পর্বতারোহীকে বড় জরিমানা
- আপডেট সময় : ১২:৪৪:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ১ বার পড়া হয়েছে

মালয়েশিয়ার সর্বোচ্চ পর্বত মাউন্ট কিনাবালুতে অনুমতি ছাড়া আরোহণ করে দুর্ঘটনায় পড়া এক ক্রোয়েশীয় পর্বতারোহীকে ২৫ হাজার মালয়েশিয়ান রিঙ্গিত জরিমানা করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় এই জরিমানার পরিমাণ প্রায় ৭ লাখ ৮০ হাজার টাকা। ৪৬ বছর বয়সি এই পর্বতারোহীর নাম মাউরো পারসিক, যিনি লন্ডনে বসবাস করেন।
ঘটনার সূত্রপাত ৬ সেপ্টেম্বর, যখন পারসিক মাউন্ট কিনাবালুতে ওঠার জন্য একটি অননুমোদিত পথ বেছে নেন। আরোহণের সময় তিনি প্রায় ১০ মিটার নিচে পড়ে গিয়ে ডান পা ও পাঁজরে গুরুতর আঘাত পান। দুর্বল মোবাইল নেটওয়ার্কের মাধ্যমেই তিনি জরুরি সহায়তার জন্য এসওএস পাঠান। উদ্ধারকারী দল প্রায় পাঁচ দিন অভিযান চালিয়ে তাকে পাহাড় থেকে নামিয়ে আনে। এই উদ্ধার অভিযান ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ; কারণ দুর্গম এলাকা, বৃষ্টিপাত ও কম দৃশ্যমানতার মধ্যে উদ্ধারকারীদের দড়ি ও মই ব্যবহার করে স্ট্রেচারে করে তাকে নিচে নামাতে হয়েছে। অভিযানে বিভিন্ন সংস্থার অন্তত ৪৩ জন সদস্য অংশ নেন।
পাহাড়ে আটকে থাকার সময় পারসিককে কয়েক দিন খাবার ছাড়াই কাটাতে হয়েছে। স্থানীয় একটি ঝরনা থেকে পানি সংগ্রহ করে তিনি টিকে ছিলেন। ভারী বৃষ্টির কারণে সৃষ্ট আকস্মিক বন্যার সময় তার ঘুমের ব্যাগ ভেসে গেলেও, একটি পাথরের সঙ্গে যুক্ত দড়ি ধরে তিনি নিজেকে রক্ষা করেন।
সাবাহ রাজ্যের বোর্নিও দ্বীপে অবস্থিত ৪ হাজার ৯৫ মিটার উচ্চতার এই পর্বতটি স্থানীয় কাদাজানদুসুন জনগোষ্ঠীর কাছে অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ। সাবাহ পার্কস কর্তৃপক্ষের মাধ্যমে জরিমানা প্রদানের পর পারসিককে পাহাড়ে ওঠার নিরাপত্তা ও নিয়মাবলি সম্পর্কে অবহিত করা হয়। পরে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে স্থানীয় জনগণের কাছে ক্ষমা চেয়ে জানান যে, পাহাড়ের প্রতি অসম্মান বা আইন ভাঙা তার উদ্দেশ্য ছিল না, বরং আকস্মিক সিদ্ধান্তে তিনি সেখানে উঠেছিলেন। তবে তিনি স্বীকার করেছেন যে, নিজের সিদ্ধান্তের ঝুঁকি ও পরিণতি তিনি যথেষ্ট বিবেচনা করেননি।
কর্তৃপক্ষ জানিয়েছে, অনুমোদিত পথের বাইরে আরোহণ পর্যটকের নিজের জীবন যেমন সংকটে ফেলে, তেমনি উদ্ধারকারী দলের জন্য তা বড় ঝুঁকির কারণ হয়। মাউন্ট কিনাবালুর মতো আবহাওয়াপ্রবণ এলাকায় প্রশিক্ষিত গাইড ও নির্ধারিত নিয়ম মেনে চলার প্রয়োজনীয়তা পুনরায় গুরুত্ব পেয়েছে এই ঘটনার মাধ্যমে।
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১: ৫৯আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২: ০৫




























