সিরিয়ার আলেপ্পোয় সেনাঘাঁটিতে শক্তিশালী বিস্ফোরণ, কারণ অনুসন্ধানে কর্তৃপক্ষ
- আপডেট সময় : ১১:২২:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে

সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর আলেপ্পোর একটি সেনাঘাঁটিতে আজ সোমবার ভোরে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সানা জানিয়েছে, আলেপ্পোর আল-এইস শহরের কাছে অবস্থিত সিরিয়ার সেনাবাহিনীর ওই ঘাঁটিতে পরপর বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটে। তবে এই ঘটনার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি এবং কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করে দেখছে।
আলেপ্পোর সিভিল ডিফেন্সের অপারেশনের প্রধান ফয়সাল মোহাম্মদ আলী রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল আল-ইখবারিয়াকে জানান, ঘটনাস্থলে এখনো বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। নিরাপত্তার ঝুঁকিতে জরুরি সেবাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছাতে পারছেন না এবং বেসামরিক নাগরিকদের ওই এলাকা থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া আলেপ্পোর অভ্যন্তরীণ নিরাপত্তা কমান্ড জনগণের সুরক্ষার স্বার্থে বিস্ফোরণস্থলে যাওয়ার সব সড়ক বন্ধ করে দিয়েছে।
আলেপ্পোর গভর্নর আজ্জাম আল-ঘারিব স্থানীয় বাসিন্দাদের ঘর থেকে বের না হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি নিশ্চিত করেছেন যে হাসপাতাল, অ্যাম্বুলেন্স ও জরুরি উদ্ধারকারী দলগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। হামদানিয়েহ এলাকার একজন বাসিন্দা এএফপিকে জানিয়েছেন, তারা বিকট শব্দ শুনতে পান এবং বাড়ির ছাদে উঠে দূরে আগুনের লেলিহান শিখা দেখতে পেয়েছেন।
সিরিয়ায় সাম্প্রতিক সময়ে এমন বিস্ফোরণের ঘটনা এটিই প্রথম নয়। চলতি মাসের শুরুতে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি অস্ত্রগুদামে বিস্ফোরণে ১৪ জন নিহত ও ১১ জন আহত হন। এছাড়া প্রায় এক সপ্তাহ আগে একই এলাকায় গোলাবারুদ বহনকারী একটি যানবাহনে বিস্ফোরণে পাঁচজন নিহত হয়েছিলেন। গত শুক্রবারও সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর ইজোর প্রদেশের একটি সেনাঘাঁটিতে শক্তিশালী বিস্ফোরণে ১১ জন প্রাণ হারিয়েছেন। বাশার আল-আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর সিরিয়া দীর্ঘদিনের গৃহযুদ্ধ থেকে বের হয়ে আসার প্রক্রিয়ার মধ্যে রয়েছে।
২০২৪ সালের শেষ দিকে দীর্ঘদিনের শাসক বাশার আল-আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর এক দশকের বেশি সময় ধরে চলা গৃহযুদ্ধ থেকে ধীরে ধীরে বের হয়ে আসছে দেশটি।এর আগে গত শুক্রবার সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর ইজোর প্রদেশের একটি সেনাঘাঁটিতে এক শক্তিশালী বিস্ফোরণে ১১ জন নিহত হন।





























