বিদেশি শিক্ষার্থীদের পরিবার নেওয়ার সুযোগ সীমিত করছে অস্ট্রেলিয়া
- আপডেট সময় : ১১:১৭:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য অস্ট্রেলিয়ায় পরিবারের সদস্যদের নিয়ে যাওয়ার সুযোগ সংকুচিত হতে যাচ্ছে। দেশটির সরকার বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে তাদের স্বামী বা স্ত্রী, সঙ্গী ও সন্তানদের নেওয়ার সুযোগ সীমিত করার উদ্যোগ গ্রহণ করেছে। এর পাশাপাশি অস্থায়ী অভিবাসীদের ভিসা পরিবর্তনের ক্ষেত্রেও নতুন কিছু বিধিনিষেধ আরোপের পরিকল্পনা করা হচ্ছে।
অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দেশটির অভিবাসন নীতি নিয়ে একটি গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন। তার এই আনুষ্ঠানিক ঘোষণার আগেই অস্ট্রেলিয়ার বিভিন্ন সংবাদমাধ্যম সরকারের নতুন এই পরিকল্পনার নানা দিক প্রকাশ করেছে।
নতুন পরিকল্পনা অনুযায়ী, ২০২৮ সালের মধ্যে নিট বিদেশি অভিবাসনের সংখ্যা ২ লাখ ২৫ হাজারে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করতে যাচ্ছে অস্ট্রেলিয়া সরকার। বর্তমানে দেশটিতে এই অভিবাসীর সংখ্যা প্রায় ৩ লাখ। অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশন (এবিসি) জানিয়েছে, বৃহস্পতিবার ন্যাশনাল প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক এ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরবেন।




























