ইরানি হামলার ভয়ে মোবাইল-কম্পিউটারের ‘অ্যাড ট্র্যাকার’ বন্ধ করছে মার্কিন বাহিনী
- আপডেট সময় : ০৮:৪৩:১৩ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

ইরানের সম্ভাব্য হামলার শিকার হওয়ার আশঙ্কায় মার্কিন সামরিক বাহিনীর কর্মকর্তারা তাদের মোবাইলফোন ও কম্পিউটারে থাকা ‘অ্যাড ট্র্যাকার’ বা মোবাইল অ্যাডভার্টাইজিং আইডি (এমএআইডি) নিষ্ক্রিয় করে রাখছেন। বিষয়টি গত শুক্রবার মার্কিন সিনেটর রন ওয়াইডেনের লেখা একটি চিঠির মাধ্যমে প্রকাশ্যে এসেছে।
রয়টার্সের কাছে কয়েকজন মার্কিন সেনা কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, নিরাপত্তার খাতিরে তাদের বিভিন্ন ডিভাইসে থাকা এই ট্র্যাকিং ব্যবস্থা বন্ধ রাখা হয়েছে। সাধারণত মোবাইল অ্যাডভার্টাইজিং আইডি ব্যবহারকারীর অবস্থান, ব্রাউজিং তথ্য, অ্যাপ ব্যবহারের ধরণ এবং অনলাইন কার্যকলাপ ট্র্যাক করতে সক্ষম। এই তথ্যগুলো সাধারণত লক্ষ্যভিত্তিক বিজ্ঞাপন প্রচারের কাজে ব্যবহৃত হয়।
বাণিজ্যিকভাবে পাওয়া ‘লোকেশন ডেটা’ ব্যবহার করে ইরান মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সেনাদের হামলার লক্ষ্যবস্তু করছে—এমন খবরের মধ্যে মার্কিন বাহিনীর এ পদক্ষেপের কথা সামনে এল।
মার্কিন বিমানবাহিনী ওয়াইডেনকে জানিয়েছে, দুই মাস আগে তারা তাদের কম্পিউটার ও মোবাইলফোনে থাকা ‘অ্যাড ট্র্যাকার’ নিষ্ক্রিয় করেছে। মার্কিন স্পেশাল অপারেশনস কমান্ড জানিয়েছে, তারা সম্প্রতি তাদের উইন্ডোজচালিত ডিভাইসগুলোয় থাকা এসব শনাক্তকারী ব্যবস্থা নিষ্ক্রিয় করেছে। এছাড়া মার্কিন সেনাবাহিনী রয়টার্সকে জানিয়েছে, চলতি বছরের শুরু থেকেই তাদের মোবাইলফোনে থাকা ‘অ্যাড ট্র্যাকার’ নিষ্ক্রিয় করে রাখা হয়েছে।
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮: ৪০আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮: ৪২




























