ইসরায়েলি সমালোচকদের কণ্ঠরোধ করছে ট্রাম্প প্রশাসন: মার্কিন বিচারক
- আপডেট সময় : ০৬:২৭:২৩ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬ ১১ বার পড়া হয়েছে

ইসরায়েলের কর্মকাণ্ডের সমালোচকদের কণ্ঠরোধ করতে মার্কিন সরকার অসাংবিধানিকভাবে কাজ করছে বলে মন্তব্য করেছেন ক্যালিফোর্নিয়ার এক ফেডারেল বিচারক। কলেজ ক্যাম্পাসে ইসরায়েলের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদকারী অনাগরিকদের নির্বাসিত করার ট্রাম্প প্রশাসনের প্রচেষ্টার কঠোর সমালোচনা করে তিনি এই মন্তব্য করেন।
শুক্রবার এক রায়ে বিচারক নোয়েল ওয়াইজ স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র পত্রিকা ‘দ্য স্ট্যানফোর্ড ডেইলি’-র পক্ষে একটি বিজয় নিশ্চিত করেন। পত্রিকাটি আদালতে জানিয়েছিল যে, নির্বাসনের হুমকির মুখে পড়ার ভয়ে অনেক আন্তর্জাতিক শিক্ষার্থী মুখ খুলতে সাহস পাচ্ছিল না।
বিচারক তার রায়ে স্পষ্টভাবে লিখেছেন, ‘বাক্স্বাধীনতা একটি অলীক বিষয় হয়ে দাঁড়ায়, যদি আমরা কেবল সরকার এবং এর নেতাদের সম্পর্কে প্রশংসাসূচক মতামত প্রকাশ করার স্বাধীনতা পাই।’ তিনি আরও উল্লেখ করেন যে, বাকস্বাধীনতা এবং সংবাদপত্রের স্বাধীনতা হলো আমেরিকার স্থায়ী গণতন্ত্রের ভিত্তি।
এই রায়ের প্রতিক্রিয়ায় দ্য স্ট্যানফোর্ড ডেইলি’র প্রধান সম্পাদক জর্জ পোরটিয়াস এক্স-এ বলেন, ‘আমাদের নিউজরুমের সাংবাদিকদের এমন ভয় নিয়ে কাজ করা উচিত নয় যে, একটি প্রতিবেদন লিখলেই তাদের বহিষ্কার করা হতে পারে। আজকের এই বিজয়ের অর্থ হলো, তাদের আর এমন ভয় করতে হবে না।’




























