পাকিস্তানে আফগান শিক্ষার্থীদের মেডিকেল ও ডেন্টাল পড়াশোনা স্থগিতের নির্দেশ
- আপডেট সময় : ০৭:২৪:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬ ৪ বার পড়া হয়েছে

পাকিস্তানে অধ্যয়নরত আফগান শিক্ষার্থীদের মেডিকেল ও ডেন্টাল শিক্ষা কার্যক্রম স্থগিত করার নির্দেশ দিয়েছে দেশটির মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল (পিএমডিসি)। একই সঙ্গে নতুন শিক্ষার্থী ভর্তি এবং এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে মাইগ্রেশন বা স্থানান্তরও নিষিদ্ধ করা হয়েছে। পিএমডিসির জারি করা একটি সরকারি চিঠির বরাতে আফগানিস্তানের অনলাইন সংবাদমাধ্যম খামা প্রেস এই তথ্য জানিয়েছে।
নতুন এই নির্দেশনার ফলে বর্তমানে পাকিস্তানের বিভিন্ন মেডিকেল ও ডেন্টাল শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত আফগান শিক্ষার্থীদের নিজ দেশে ফিরে যেতে হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে। কাউন্সিল জানিয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নীতিগত নির্দেশনা এবং ২০২৬ সালের ৩০ জুলাই পিএমডিসির নেওয়া সিদ্ধান্তের ওপর ভিত্তি করে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বিষয়টিকে পাকিস্তানের জাতীয় নীতির সঙ্গে সংশ্লিষ্ট একটি ইস্যু হিসেবে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
পিএমডিসি স্পষ্ট করেছে যে, এই নির্দেশনা কোনো নির্দিষ্ট বিশ্ববিদ্যালয় বা শিক্ষাকেন্দ্রের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং দেশের সব সরকারি ও বেসরকারি মেডিকেল ও ডেন্টাল শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এ ছাড়া যেসব আফগান শিক্ষার্থী ইতোমধ্যে তাদের পড়াশোনা শেষ করেছেন, তাদের স্নাতক সম্পন্ন করার বিষয়টি এবং পাকিস্তান ত্যাগের তথ্য যথাযথভাবে নথিভুক্ত ও নিশ্চিত করতে বলা হয়েছে।
সারাদেশের মেডিকেল ও ডেন্টাল শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে তাদের প্রতিষ্ঠানে অধ্যয়নরত আফগান শিক্ষার্থীদের বিস্তারিত তথ্য আগামী তিন দিনের মধ্যে পিএমডিসির কাছে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। তথ্য দিতে বিলম্ব করা, নির্দেশনা অমান্য করা কিংবা কোনো তথ্য গোপন করার বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নেওয়া হবে বলে সতর্ক করেছে কাউন্সিল। এমন ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে।
পাকিস্তানে মেডিকেল ও ডেন্টাল শিক্ষার মান নিয়ন্ত্রণ ও পরিচালনার দায়িত্বে থাকা এই আইনগত নিয়ন্ত্রক সংস্থার নতুন সিদ্ধান্তের কারণে চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন শত শত আফগান শিক্ষার্থী। বিশেষ করে যারা কোর্সের মাঝামাঝি পর্যায়ে রয়েছেন, তাদের শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হওয়ার পাশাপাশি ডিগ্রি অর্জন করার আগেই পাকিস্তান ছাড়তে হতে পারে।




























