সংগীতের ৬০ বছর পূর্তিতে সংবর্ধিত কিংবদন্তি খুরশীদ আলম
- আপডেট সময় : ০৬:০৮:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ ৮ বার পড়া হয়েছে

বাংলাদেশের সংগীত জগতের জীবন্ত কিংবদন্তি খুরশীদ আলমের সংগীত জীবনের ৬০ বছর পূর্তি উপলক্ষে সম্প্রতি রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাঁকজমকপূর্ণ এই আয়োজনে সংগীত অঙ্গনের একঝাঁক তারকা উপস্থিত ছিলেন, যাদের মধ্যে ছিলেন আগুন, মনির খান, রবি চৌধুরী ও আসিফ আকবর। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রখ্যাত গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক আশরাফ বাবু এবং তাঁর ভাতিজি, এই প্রজন্মের শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী সুজানা রূপা।
অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে সুজানা রূপা গান পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন। তিনি শিল্পী পলাশের সঙ্গে দ্বৈত কণ্ঠে কালজয়ী গান ‘যদি বউ সাজো গো’ গেয়ে শোনান। এই অনুষ্ঠানে গান গাওয়ার সুযোগ পাওয়ার জন্য নিজের চাচা আশরাফ বাবুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সুজানা রূপা জানান, গুণী মানুষদের সান্নিধ্যে এমন আয়োজনে অংশ নিতে পারা তাঁর জন্য পরম সৌভাগ্যের।
এদিকে খুরশীদ আলম বর্তমানে চলচ্চিত্রে নতুন গানে কণ্ঠ না দিলেও আধুনিক গানের চর্চা নিয়মিত চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে, সুজানা রূপা জানিয়েছেন যে রাজধানীর আফতাবনগরে তাঁর নতুন একক গান ‘রূপকন্যা’র মিউজিক ভিডিওর চিত্রায়ণ সম্পন্ন হয়েছে। রুস্তম মল্লিকের কথা ও সুরে গানটি খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে প্রকাশ পাবে।





























