এক সপ্তাহে ৪ কনসার্টে শিরোনামহীন ব্যান্ডের ব্যস্ততা
- আপডেট সময় : ১২:৩৮:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ১ বার পড়া হয়েছে

শীতের কনসার্ট মৌসুম পুরোপুরি শুরু হওয়ার আগেই দারুণ ব্যস্ত হয়ে উঠেছে জনপ্রিয় ব্যান্ড ‘শিরোনামহীন’। আগামী ছয় দিনের ব্যবধানে দেশের বিভিন্ন স্থানে চারটি কনসার্টে অংশ নিতে যাচ্ছে দলটি। শনিবার ব্যান্ডের প্রধান জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
ব্যান্ডটির এই ব্যস্ততা শুরু হচ্ছে আজ রোববার ঢাকার কবি নজরুল সরকারি কলেজ মাঠে। কলেজটির ছাত্রদলের আয়োজনে নবীন বরণ অনুষ্ঠানে গান পরিবেশন করবে তারা। এরপর ৩০ সেপ্টেম্বর গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) ক্যাম্পাসে কনসার্টে অংশ নেবে দলটি। পরদিন ১ অক্টোবর ঢাকার রেনেসাঁ হোটেলে তাদের আরেকটি শো রয়েছে। সর্বশেষ ২ অক্টোবর পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কনসার্টের মাধ্যমে এই ব্যস্ততম সপ্তাহের সমাপ্তি ঘটবে।
সাম্প্রতিক সময়ে দেশের কনসার্ট আয়োজন নিয়ে নানা অনিশ্চয়তা ও স্থগিতের খবর শোনা গেলেও, টানা চারটি শোতে অংশ নেওয়ার সুযোগ পাওয়ায় বিষয়টি ইতিবাচক হিসেবেই দেখছেন ব্যান্ডের সদস্যরা। তাদের মতে, নিয়মিত কনসার্ট আয়োজনের মাধ্যমে সংগীতাঙ্গনে প্রাণচাঞ্চল্য ফিরবে এবং শিল্পী ও শ্রোতাদের মধ্যে নতুন সংযোগ তৈরি হবে।
বর্তমানে ‘শিরোনামহীন’-এর লাইনআপে রয়েছেন জিয়াউর রহমান (বেজ গিটার), কাজী আহমাদ শাফিন (ড্রামস ও সরোদ), শেখ ইশতিয়াক (ভোকাল), সাইমন চৌধুরী (কিবোর্ড) এবং সুদীপ্ত সিনহা দিপু (গিটার)।




























