সাইফুল শাহীনের কথায় শেখ সোলাইমানের কণ্ঠে নতুন গান মানব জীবন
- আপডেট সময় : ০৬:৫৪:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১৮: ৪০
বাংলাদেশের জনপ্রিয় সাংবাদিক, গীতিকার ও সুরকার সাইফুল শাহীনের কথা ও সুরে আসছে নতুন গান 'মানব জীবন'। গানটিতে কণ্ঠ দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে বাঁশি বাজিয়ে ও গান গেয়ে পরিচিতি পাওয়া শিল্পী শেখ সোলাইমান। কভার গানের মাধ্যমে জনপ্রিয়তা পেলেও সাম্প্রতিক সময়ে মৌলিক গানে মনোযোগী হয়েছেন এই শিল্পী, আর সেই ধারাবাহিকতায় তাঁর কণ্ঠে যুক্ত হলো এই নতুন গানটি।
গানটির সংগীতায়োজন করেছেন এআর রানা। গানটির মিউজিক ভিডিওর শুটিং ইতিমধ্যে শেষ হয়েছে। টাঙ্গাইলের যমুনা তীর, ঐতিহ্যবাহী হেমনগর জমিদারবাড়ি ও নবগ্রামসহ আশপাশের মনোমুগ্ধকর বিভিন্ন লোকেশনে এর চিত্রধারণ করা হয়েছে। লোকজ সুরের পাশাপাশি মিউজিক ভিডিওটিতে দর্শকরা গ্রামীণ বাংলাদেশের অপরূপ সৌন্দর্য দেখতে পাবেন।
গানটি প্রসঙ্গে গীতিকার সাইফুল শাহীন বলেন, 'আমার লেখা এই গানে মূলত মানুষের জীবনের সুখ-দুঃখ ও দর্শনের কথাই উঠে এসেছে। শিল্পী শেখ সোলাইমান গানটি অত্যন্ত দরদ দিয়ে গাওয়ার চেষ্টা করেছেন।'
নিজের নতুন কাজ নিয়ে আবেগ উচ্ছ্বসিত শেখ সোলাইমান বলেন, 'মানব জীবন গানটি আমার জীবনের অন্যতম প্রিয় একটি গান হয়ে উঠেছে। সাইফুল শাহীন ভাইয়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা আমাকে এত চমৎকার একটি গান উপহার দেওয়ার জন্য। গানটি নিয়ে আমি ভীষণ আশাবাদী।'
সাইফুল শাহীন জানান, গানটি খুব শিগগিরই প্রকাশ পাবে। দেশি-বিদেশি বিভিন্ন অডিও প্ল্যাটফর্মের পাশাপাশি শেখ সোলাইমানের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে গানটির মিউজিক ভিডিও দেখা যাবে।



























