রাজধানীর তিতুমীর কলেজে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৪
- আপডেট সময় : ০১:৩০:১২ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ১ বার পড়া হয়েছে

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১: ২৫। রাজধানীর সরকারি তিতুমীর কলেজে চেয়ারে বসাকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় চারজন আহত হয়েছেন। আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি, তবে তাদের অবস্থা গুরুতর নয় বলে জানা গেছে। খবর পেয়ে বনানী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে ৯টার দিকে কলেজ ক্যাম্পাসে বোটানি বিভাগের শিক্ষার্থীদের মধ্যে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হলে তা সংঘর্ষে রূপ নেয়। বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ মুনসুর জানান, মারামারির খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
সংঘর্ষের এই ঘটনায় সংবাদ সংগ্রহের সময় অনলাইন সংবাদমাধ্যমের সাংবাদিক আব্দুর রহমান তালুকদার হামলার শিকার হয়েছেন। আব্দুর রহমান তালুকদার জানান, ক্যাম্পাসে ঝামেলা দেখে সেখানে দাঁড়ানোর সঙ্গে সঙ্গেই চার-পাঁচজন তাকে মারধর শুরু করে। তিনি দাবি করেন, এ সময় হামলাকারীরা ‘ওই সাংবাদিক সমিতির ওরে মার’ বলে চিৎকার করছিল। তিনি আরও জানান, হামলাকারীদের মধ্যে রাকিব নামে একজনকে তিনি ভালোভাবে চিনতে পেরেছেন।
অভিযোগ রয়েছে, হামলায় অভিযুক্ত রোকনুজ্জামান রাকিব তিতুমীর কলেজ ছাত্রদলের সদস্যসচিব সেলিম রেজার অনুসারী। তবে এ বিষয়ে অভিযুক্ত রাকিবের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তিতুমীর কলেজ ছাত্রদলের আহ্বায়কের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং অভিযোগের প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।




























