এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া
- আপডেট সময় : ০১:৫৮:২১ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

এশিয়ান গেমস ক্রিকেটের কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত হয়েছে। শেষ আটে বাংলাদেশের মুখোমুখি হচ্ছে মালয়েশিয়া। আজ ‘বি’ গ্রুপের শেষ ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ায় গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে পা রেখেছে মালয়েশিয়ানরা। ওমানের বিপক্ষে মালয়েশিয়ার আজকের ম্যাচটিতে বৃষ্টির কারণে টস করাও সম্ভব হয়নি। ম্যাচ পরিত্যক্ত হওয়ায় উভয় দল পয়েন্ট ভাগাভাগি করে নেয়। এর ফলে দুই ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষস্থান দখল করে মালয়েশিয়া। অন্যদিকে, ২ পয়েন্ট নিয়ে এই গ্রুপ থেকে রানার্সআপ হিসেবে শেষ আটে উঠেছে হংকং। আর মাত্র ১ পয়েন্ট পেয়ে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে ওমানকে। কোয়ার্টার ফাইনালে হংকংয়ের প্রতিপক্ষ পাকিস্তান।
এদিকে ‘এ’ গ্রুপ থেকেও আজ বৃষ্টিবিঘ্নিত দিনে ভাগ্য নির্ধারিত হয়েছে। নেপাল ও জাপানের মধ্যকার ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ায় স্বাগতিক জাপান বিদায় নিয়েছে। গ্রুপ সেরা হয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে নেপাল, যেখানে তাদের খেলতে হবে শ্রীলঙ্কার বিপক্ষে। একই গ্রুপ থেকে শেষ আটে ওঠা আফগানিস্তান মুখোমুখি হবে ভারতের। উল্লেখ্য, আইসিসি র্যাঙ্কিংয়ের ভিত্তিতে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলার সুযোগ পেয়েছে।
আগামী সোমবার থেকে শুরু হতে যাচ্ছে কোয়ার্টার ফাইনালের লড়াই। প্রথম দিন বাংলাদেশ সময় সকাল ৬টায় পাকিস্তানের মুখোমুখি হবে হংকং। একই দিন বেলা ১১টায় দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে ভারতের প্রতিপক্ষ আফগানিস্তান। পরদিন মঙ্গলবার সকাল ৬টায় খেলবে নেপাল ও শ্রীলঙ্কা। আর বেলা ১১টায় সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ ও মালয়েশিয়া এখন পর্যন্ত কেবল একবারই মুখোমুখি হয়েছে। ২০২৩ সালে চীনের এশিয়ান গেমসে সেই কোয়ার্টার ফাইনালের ম্যাচে মালয়েশিয়াকে মাত্র ২ রানে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল লাল-সবুজের প্রতিনিধিরা।



























