লিটন নায়েব হত্যা: আসামিদের ফাঁসির দাবিতে দৌলতখানে মানববন্ধন
- আপডেট সময় : ০১:৫৭:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে

ভোলার দৌলতখানে লিটন নায়েব (৩২) হত্যাকাণ্ডের ঘটনায় আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে দৌলতখান প্রেসক্লাবের সামনে নিহতের পরিবারের সদস্য, স্বজন এবং স্থানীয় এলাকাবাসী একত্রিত হয়ে প্রায় ঘণ্টাব্যাপী এ প্রতিবাদ কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে বক্তারা মামলার প্রধান আসামি ইয়াসমিন বেগম ও শাহাবুদ্দিনের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান। পাশাপাশি, মামলার তদন্তকারী কর্মকর্তা দৌলতখান থানার এসআই আবু জাফরের বিরুদ্ধে চালানো কথিত অপপ্রচারের তীব্র নিন্দা প্রকাশ করেন তারা। নিহতের ভাই ফরিদ অভিযোগ করে বলেন, তার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে ইয়াসমিন বেগম ও শাহাবুদ্দিনের ফাঁসি দাবি করেন।
তদন্তকারী কর্মকর্তা এসআই আবু জাফর জানান, মামলাটি যথাযথ ও ন্যায়সংগতভাবে পরিচালনা করায় তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ছড়ানো হচ্ছে। তিনি দাবি করেন, মামলার প্রধান দুই আসামি ইয়াসমিন বেগম ও শাহাবুদ্দিনকে ইতোমধ্যেই গ্রেপ্তার করে রিমান্ডে আনা হয়েছে এবং আসামিপক্ষের লোকেরাই এ ধরনের অপপ্রচার চালাচ্ছে।
মানববন্ধন শেষে দৌলতখান প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিহতের স্ত্রী রিনা বেগম পুনরায় হত্যাকাণ্ডের বিচারের দাবি জানান। তিনি অভিযোগ করেন, তার স্বামীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে এবং এই ঘটনায় ইয়াসমিন ও তার প্রেমিক শাহাবুদ্দিন সরাসরি জড়িত। তিনি এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও আসামিদের ফাঁসির দাবি পুনর্ব্যক্ত করেন।
























