দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রণবীর-দীপিকা, আশীর্বাদ নিলেন সিদ্ধিবিনায়ক মন্দিরে
- আপডেট সময় : ০১:৫৭:০২ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

বলিউড তারকা দীপিকা পাড়ুকোন দ্বিতীয়বারের মতো মা হতে চলেছেন। নতুন অতিথির আগমনের আগে আশীর্বাদ নিতে শুক্রবার দুপুরে মুম্বাইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে সস্ত্রীক হাজির হন অভিনেতা রণবীর সিং। এ সময় তাদের সঙ্গে রণবীরের বাবা জগজিৎ সিং ভবনানী ও মা অঞ্জু ভবনানীও উপস্থিত ছিলেন। তারকা দম্পতির এই মন্দির দর্শন ভক্ত ও নেটিজেনদের মধ্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে, অনেকে মনে করছেন খুব শিগগিরই তাদের দ্বিতীয় সন্তান ভূমিষ্ঠ হতে চলেছে।
মন্দির প্রাঙ্গণে রণবীর ও দীপিকাকে হাত ধরে প্রবেশ করতে দেখা যায়। অভিনেত্রীর পরনে ছিল ভারি কারুকাজ করা লালচে বাদামি ও সোনালি রঙের কুর্তা, সঙ্গে ওড়না ও বেগুনি রঙের পাজামা। তার খোঁপায় ছিল গজরা। অন্যদিকে রণবীর সিং বেগুনি রঙের কুর্তা ও সাদা পাজামা পরেছিলেন।
এর আগেও ২০২৪ সালে তাদের প্রথম সন্তান দুয়ার জন্মের ঠিক আগে এই দম্পতি সিদ্ধিবিনায়ক মন্দিরে আশীর্বাদ নিতে গিয়েছিলেন। সেবার ৬ সেপ্টেম্বর পূজা দেওয়ার দুদিন পর ৮ সেপ্টেম্বর তাদের কন্যা সন্তানের জন্ম হয়েছিল। চলতি বছরের ১৯ এপ্রিল দীপিকা ও রণবীর দ্বিতীয়বার বাবা-মা হতে যাওয়ার সুখবরটি জানিয়েছিলেন।
মাতৃত্বকালীন বিরতি শেষে দীপিকা পাড়ুকোন আবারও কাজে ফিরছেন। তাকে দেখা যাবে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমায়, যেখানে তার বিপরীতে থাকছেন শাহরুখ খান। এই সিনেমায় সুহানা খান, রানি মুখার্জি, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, অভয় ভার্মা, অভিষেক বচ্চন, আরশাদ ওয়ারসি এবং জয়দীপ আহলাওয়াত অভিনয় করছেন। এ ছাড়া অ্যাটলির পরিচালনায় ‘রাকা’ সিনেমায় দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের বিপরীতে দেখা যাবে তাকে। অন্যদিকে, রণবীর সিং ২০২৫ সালে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ সিনেমায় কাজ করেছেন এবং বর্তমানে ‘প্রলয়’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন।





























