শরৎচন্দ্র হয়ে চমকে দিলেন টোটা, প্রকাশ্যে সৃজিতের নতুন সিনেমার টিজার
- আপডেট সময় : ০৯:৩০:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬ ১১ বার পড়া হয়েছে

পরিচালক সৃজিত মুখার্জির নতুন সিনেমা 'এম্পারর ভার্সেস শরৎচন্দ্র'-এর টিজার প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার মুক্তি পাওয়া এই টিজারে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের চরিত্রে অভিনেতা টোটা রায়চৌধুরীর উপস্থিতি দর্শকদের চমকে দিয়েছে। টিজারে পাক ধরা চুল এবং ভাঙা চোয়ালের শরৎচন্দ্রকে এক মনে লেখালেখিতে ব্যস্ত থাকতে দেখা গেছে।
সিনেমাটি মূলত বাংলা সাহিত্যের অন্যতম শক্তিশালী সৃষ্টি 'পথের দাবী'-র শতবর্ষের প্রাক্কালে তৈরি করা হয়েছে। পরিচালক সৃজিত মুখার্জি জানিয়েছেন, এই সিনেমাটি এমন এক চিরন্তন গল্প যেখানে আন্ডারডগ হলো কলম আর তার প্রতিপক্ষ অত্যাচারী তলোয়ার। বাস্তব ও সাহিত্যের দুই পরিসরেই ব্রিটিশবিরোধী স্বাধীনতাসংগ্রামের উত্তাল সময়ের প্রেক্ষাপট এখানে ফুটে উঠেছে। শরৎচন্দ্রের 'পথের দাবী' প্রকাশের পর ব্রিটিশ শাসকদের জন্য উদ্বেগের কারণ হয়ে উঠেছিল, সেই দ্রোহকালের ইতিহাসই বড় পর্দায় ফিরিয়ে আনছেন সৃজিত।
টিজারের শুরুতেই টোটা রায়চৌধুরীকে শরৎচন্দ্রের বেশে দেখা গেছে। এছাড়া সব্যসাচী চরিত্রে বন্দুকধারী আবির চট্টোপাধ্যায়কে দেখা গেছে। মিমি চক্রবর্তী অভিনীত চরিত্রটিও দর্শকদের আলোচনায় রয়েছে। তারকাবহুল এই সিনেমাটিতে আরও অভিনয় করেছেন দিব্যাণী মণ্ডল, ঋক চট্টোপাধ্যায়, দেবপ্রিয় মুখোপাধ্যায়, সঞ্জয় নাগ, কৌশানী মুখোপাধ্যায় ও কাঞ্চন মল্লিক।
এই ছবির হাত ধরেই পরিচালক সৃজিত মুখার্জি সংগীত পরিচালক হিসেবেও আত্মপ্রকাশ করছেন। ছবির সংগীত ও সাউন্ডট্র্যাকের দায়িত্ব পালন করছেন তিনি। এছাড়া ছবির আবহসংগীত পরিচালনা করেছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। ছবিটির অন্যতম সৃজনশীল দিক হলো মেকআপ আর্টিস্ট সোমনাথ কুণ্ডুর কাজ, যিনি ঐতিহাসিক চরিত্রগুলোকে পর্দায় বিশ্বাসযোগ্যভাবে ফুটিয়ে তুলেছেন। শরৎচন্দ্র ছাড়াও সিনেমাটিতে রবীন্দ্রনাথ ঠাকুর এবং দেশবন্ধু চিত্তরঞ্জন দাশসহ তৎকালীন বহু ঐতিহাসিক ব্যক্তিত্বের চরিত্র উঠে আসবে।




























