ট্রাম্প ও মেলানিয়ার কথোপকথন ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে জল্পনা
- আপডেট সময় : ০৮:৫৩:০৫ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ ৭ বার পড়া হয়েছে

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের একটি সংক্ষিপ্ত কথোপকথন ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জল্পনা শুরু হয়েছে। গত রোববার (২৩ আগস্ট) ফ্রিডম ২৫০ গ্রাঁ প্রি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই দম্পতি। অনুষ্ঠান চলাকালীন দুজনের মধ্যে হওয়া কথোপকথনের পর মেলানিয়াকে আসন থেকে উঠে চলে যেতে দেখা যায়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠানের একটি ভিউয়িং বুথে ট্রাম্প ও মেলানিয়া পাশাপাশি বসেছিলেন। এক পর্যায়ে ট্রাম্প মেলানিয়ার দিকে ঝুঁকে কিছু কথা বলেন। এ সময় মেলানিয়াকে বেশ গম্ভীর দেখাচ্ছিল এবং তিনি ট্রাম্পের কাছ থেকে কিছুটা দূরত্ব বজায় রেখেছিলেন। এর কিছুক্ষণ পরেই তিনি সেখান থেকে উঠে চলে যান।
ভিডিওর শব্দ অস্পষ্ট হওয়ায় তাদের মধ্যে ঠিক কী বিষয়ে কথা হয়েছিল, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে ভিডিওটি ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা লিপ-রিডিং বা ঠোঁট নড়াচড়া দেখে কথা বোঝার চেষ্টা করছেন। কেউ কেউ তাদের দেহভঙ্গি বিশ্লেষণ করে তাদের মধ্যে কোনো ধরনের উত্তেজনা বা মতবিরোধ থাকতে পারে বলে ধারণা করছেন। তবে ভিডিওতে তাদের তর্ক করার বা বিরোধের কোনো প্রত্যক্ষ প্রমাণ নেই।
এই জল্পনার সঙ্গে ট্রাম্পের সহযোগী নাটালি হার্পের নামও যুক্ত হয়েছে। অতীতেও ট্রাম্পের ঘনিষ্ঠ মহলে হার্পের ভূমিকা নিয়ে অনলাইনে বিভিন্ন আলোচনা হয়েছে। কিছু ব্যবহারকারী কোনো প্রমাণ ছাড়াই দাবি করেছেন যে, মেলানিয়ার চলে যাওয়ার পেছনে নাটালি হার্পের উপস্থিতি কোনো ভূমিকা রাখতে পারে। তবে মেলানিয়া কেন আসন ছেড়ে চলে গেছেন বা ট্রাম্পের সঙ্গে তার প্রকৃত কথোপকথন কী ছিল, তা নিয়ে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।




























