বড় পর্দায় ফিরছেন ‘স্কুইড গেম’ নির্মাতা, নতুন সিনেমার নাম ‘কে.ও. ক্লাব’
- আপডেট সময় : ১২:৪২:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬ ৯ বার পড়া হয়েছে

বিশ্বজুড়ে সাড়া জাগানো সিরিজ ‘স্কুইড গেম’-এর নির্মাতা হোয়াং দং-হিউক দীর্ঘ বিরতির পর বড় পর্দায় ফিরছেন। তাঁর নতুন সিনেমার নাম ‘কে.ও. ক্লাব’। এটি মূলত একটি কল্পবিজ্ঞাননির্ভর থ্রিলার সিনেমা। এর আগে ২০১৭ সালে মুক্তি পাওয়া ‘দ্য ফোর্ট্রেস’ ছিল তাঁর শেষ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। প্রায় এক দশক পর আবারও বড় পর্দার দর্শকদের জন্য নতুন কাজ নিয়ে ফিরছেন এই নির্মাতা।
সিনেমাটির নাম ‘কে.ও. ক্লাব’ বা ‘কিলিং ওল্ডমেন ক্লাব’ মূলত ভবিষ্যতের এক বৈষম্যপূর্ণ সমাজের প্রেক্ষাপটে তৈরি। সিনেমার গল্পে দেখা যাবে, সমাজের ধনী ব্যক্তিরা অর্থের বিনিময়ে নিজেদের যৌবন ও শারীরিক সক্ষমতা দীর্ঘস্থায়ী করার সুযোগ পাচ্ছেন। অন্যদিকে, তরুণ প্রজন্ম অর্থনৈতিক নিরাপত্তা ও সামাজিক সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। এই বাস্তবতার প্রেক্ষাপটে বয়স্ক ধনী শ্রেণি ও হতাশ তরুণ প্রজন্মের মধ্যে যে তীব্র সংঘাত তৈরি হয়, তা-ই সিনেমার মূল উপজীব্য। নির্মাতা হোয়াং দং-হিউক এই সিনেমার মাধ্যমে মূলত অর্থনৈতিক বৈষম্য, সামাজিক স্থবিরতা ও প্রজন্মগত হতাশার মতো বিষয়গুলো ফুটিয়ে তুলতে চেয়েছেন।
ছবিটির অভিনয়শিল্পী তালিকায় রয়েছেন বেশ কয়েকজন পরিচিত মুখ। ‘স্কুইড গেম’-এর ফ্রন্টম্যান চরিত্রে অভিনয় করা লি বিয়ং-হুন আবারও হোয়াং দং-হিউকের সঙ্গে কাজ করছেন। এছাড়া পার্ক হে-সু, ‘ইটস ওকে টু নট বি ওকে’-এর ওহ জং-সে, ‘প্যারাসাইট’-এর চো ইয়ো-জিয়ং এবং ‘দ্য ম্যান স্ট্যান্ডিং নেক্সট’-এর কিম সো-জিনকেও সিনেমাটিতে দেখা যাবে।
ফার্স্টম্যান স্টুডিওর প্রযোজনায় নির্মিত হতে যাওয়া এই সিনেমার শুটিং শুরু হওয়ার কথা রয়েছে ২০২৭ সালের প্রথমার্ধে। উল্লেখ্য, নির্মাতা হোয়াং দং-হিউক এর আগে ‘মিস গ্র্যানি’ ও ‘সাইলেন্সড’-এর মতো সিনেমা নির্মাণ করেছেন। ‘স্কুইড গেম’ সিরিজের আন্তর্জাতিক সাফল্যের পর তিনি অ-ইংরেজি ভাষার সিরিজ পরিচালনার জন্য প্রাইমটাইম এমি পুরস্কার পাওয়া প্রথম এশীয় নির্মাতা হিসেবে ইতিহাস গড়েছিলেন।





























