জিপিএ-৫ চূড়ান্ত অর্জন নয়, সামনে কঠিন পথ: ডাকসু জিএস
- আপডেট সময় : ১২:১১:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬ ২ বার পড়া হয়েছে

এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ অর্জনই জীবনের শেষ লক্ষ্য নয়, বরং সামনে আরও কঠিন পথ পাড়ি দিতে হবে বলে শিক্ষার্থীদের সতর্ক করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) জিএস এস এম ফরহাদ। শিক্ষার্থীদের আত্মতুষ্টিতে না ভুগে ভবিষ্যতের জন্য আরও বেশি মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি।
গত বৃহস্পতিবার সকাল ৯টায় চট্টগ্রামের আনোয়ারা উপজেলার মমতাজ কনভেনশন হলে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সম্মানে এই অনুষ্ঠানের আয়োজন করে আনোয়ারা উপজেলা ছাত্রশিবির।
ডাকসু জিএস বলেন, প্রতিবছর বিপুলসংখ্যক শিক্ষার্থী জিপিএ-৫ পেলেও বিশ্ববিদ্যালয়ের আসনসংখ্যা সীমিত হওয়ায় অনেকেই ভর্তিযুদ্ধে কাঙ্ক্ষিত সুযোগ পায় না। আবার জিপিএ-৫ না পেয়েও অনেকে কঠোর পরিশ্রমের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে ভালো অবস্থান তৈরি করে নেয়। তাই কোনো ফলাফলকেই জীবনের চূড়ান্ত পরিচয় হিসেবে দেখা যাবে না। তিনি এসএসসির পরবর্তী দুই বছরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে বলেন, এই সময়ে মূল লক্ষ্য হওয়া উচিত ইন্টারমিডিয়েটে ভালো ফলাফল করা এবং উচ্চশিক্ষার প্রস্তুতি নেওয়া।
পড়াশোনায় মনোযোগ ধরে রাখতে ‘ডিপ ফোকাস’-এর ওপর জোর দিয়ে ফরহাদ শিক্ষার্থীদের ২০, ৩০ বা ৫০ মিনিটের ফোকাস সেশনে পড়ার পরামর্শ দেন। পড়ার সময় অন্য চিন্তা মাথায় এলে তা কাগজে লিখে রেখে পড়া শেষ করার পরামর্শ দেন তিনি। একই সঙ্গে মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমে সময় নষ্ট না করে উপযুক্ত পরিবেশ তৈরি করে পড়ার আহ্বান জানান।
শিক্ষার্থীদের বড় স্বপ্ন দেখার আহ্বান জানিয়ে তিনি বলেন, "থিংক গ্লোবালি, অ্যাক্ট লোকালি।" পারিবারিক বা আর্থিক সংকট যেমন বাবা কৃষক বা রিকশাচালক হওয়াকে সাফল্যের পথে বাধা না ভেবে সংকটকে শক্তিতে রূপান্তরের পরামর্শ দেন ডাকসু জিএস। জীবনে একজন আদর্শ ব্যক্তি হিসেবে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন থেকে শিক্ষা নিয়ে ধৈর্য, সততা, শৃঙ্খলা ও পরিশ্রমের মাধ্যমে ভবিষ্যৎ গড়ার আহ্বান জানান তিনি।
আনোয়ারা উপজেলা ছাত্রশিবিরের সভাপতি হাফেজ সাইফুদ্দিনের পরিচালনায় এবং সেক্রেটারি রিয়াদুল এরশাদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির চট্টগ্রাম জেলা পশ্চিমের সভাপতি ফরমানুর রহমান জাহিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আনোয়ারা উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আবুল হাসান এবং ছাত্রশিবির চট্টগ্রাম জেলা পশ্চিমের অফিস সম্পাদক সারতাজ আরেফিন ফাহিম। এছাড়া অনুষ্ঠানে আনোয়ারা উপজেলার তত্ত্বাবধায়ক শোয়ائبুল ইসলাম মোরশেদ, সাংগঠনিক সম্পাদক সাকিবুল হাসানসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



























