ইসলামী ব্যাংকের সামনে চাকরিচ্যুত কর্মকর্তা ও গ্রাহকদের পাল্টাপাল্টি কর্মসূচি
- আপডেট সময় : ০৪:৪৫:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে চাকরিচ্যুত কর্মকর্তা ও গ্রাহকদের পাল্টাপাল্টি কর্মসূচিতে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। রোববার সকাল ৯টা থেকে ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে উভয় পক্ষ অবস্থান নেয়। প্রায় চার ঘণ্টা পর দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে চাকরিচ্যুতরা ঘটনাস্থল ত্যাগ করেন।
চাকরি পুনর্বহালের দাবিতে এই অবস্থান কর্মসূচি পালন করেন এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকার সময়ে নিয়োগ পাওয়া চট্টগ্রাম অঞ্চলের কর্মকর্তা-কর্মচারীরা, যারা সম্প্রতি চাকরি হারিয়েছেন। অন্যদিকে, একই স্থানে পাল্টা অবস্থান নেন ‘সচেতন গ্রাহক ফোরাম’-এর ব্যানারে আসা কয়েকশো সাধারণ গ্রাহক। তাদের হাতে ‘এস আলমের লুটেরাদের ষড়যন্ত্র’ লেখা ব্যানার দেখা যায়।
গ্রাহকদের এই ফোরামটি ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম সচল রাখা এবং সব ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছে। বিপরীতে চাকরিচ্যুতরা তাদের পুনর্বহালের দাবিতে অনড় অবস্থান নিয়েছিলেন। দুই পক্ষের এই মুখোমুখি অবস্থানের কারণে ইসলামী ব্যাংক কার্যালয়ের সামনে দিনভর চরম উত্তেজনা বিরাজ করে।





























