১০০ ডলার ছাড়াল ব্রেন্ট ক্রুড তেলের দাম
- আপডেট সময় : ০৩:০৭:৪৪ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার জেরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের বড় ধরনের উত্থান ঘটেছে। আন্তর্জাতিক বাজারে তেলের বেঞ্চমার্ক হিসেবে পরিচিত ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়ে গেছে। গত ২৪ জুলাইয়ের পর এই প্রথম তেলের দাম শত ডলারের ঘর অতিক্রম করল। বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে।
বাজারের সর্বশেষ চিত্র অনুযায়ী, ব্রেন্ট ক্রুডের দাম ২ দশমিক ১৫ ডলার বা ২ দশমিক ২ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেলপ্রতি ১০০ দশমিক ০৭ ডলারে দাঁড়িয়েছে। ব্রেন্ট ক্রুডের পাশাপাশি মার্কিন তেলের বেঞ্চমার্ক ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দামও বেড়েছে। ডব্লিউটিআই ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৭০ ডলার বা ১ দশমিক ৮৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯৪ দশমিক ৭৩ ডলারে।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, গত ছয় মাস ধরে চলা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাতের কোনো স্থায়ী সমাধানের আশা ক্রমশ ক্ষীণ হয়ে আসছে। এই পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে তেলের বাজারে। মূলত এই সংকটের কারণেই গত মাসের শুরু থেকে এখন পর্যন্ত ব্রেন্ট ক্রুড অয়েলের দাম প্রায় এক-চতুর্থাংশ বা ২৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।





























