তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন দেবে বাংলাদেশ ব্যাংক
- আপডেট সময় : ০২:৫৫:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে

দেশের উপজেলা পর্যায়ের সম্ভাবনাময় তরুণ-তরুণীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে 'উদ্যোগ' কর্মসূচি বাস্তবায়ন করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। এই কর্মসূচির আওতায় নির্বাচিত তরুণ উদ্যোক্তারা সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন সুবিধা পাবেন। বাংলাদেশ ব্যাংকের 'উদ্যোগ (ইউডিওজি): উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, নির্বাচিতকরণ ও অর্থায়ন কর্মসূচি'র মাধ্যমে বিভিন্ন উপজেলার তরুণদের ব্যবসায়িক ধারণা যাচাই করে তাদেরকে প্রতিষ্ঠিত হতে সহায়তা করা হবে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এটি কোনো প্রতিযোগিতা নয়। তফসিলি ব্যাংকগুলো তাদের নিজস্ব শাখা নেটওয়ার্ক ব্যবহার করে উপজেলা পর্যায় থেকে স্বতঃপ্রণোদিতভাবে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তা খুঁজে বের করবে। এরপর তাদের ব্যবসায়িক ধারণা ও প্রকৃত অর্থের প্রয়োজনীয়তা যাচাই করে অর্থায়নের ব্যবস্থা করা হবে।
আবেদনের যোগ্যতায় বলা হয়েছে, আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের প্রাপ্তবয়স্ক নাগরিক হতে হবে এবং আবেদনের শেষ তারিখে বয়স ২৮ বছরের বেশি হওয়া যাবে না। তাকে সংশ্লিষ্ট উপজেলার বাসিন্দা হতে হবে। এক্ষেত্রে আগে থেকে ব্যবসা পরিচালনার অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক নয়; একটি বাস্তবসম্মত ব্যবসায়িক ধারণা থাকলেই আবেদন করা যাবে। কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ, হস্তশিল্প, মৎস্য, পশুপালন, পর্যটন, সেবা এবং প্রযুক্তিভিত্তিক উদ্যোগসহ সব ধরনের বৈধ ব্যবসায়িক আইডিয়া এই কর্মসূচির আওতায় বিবেচনা করা হবে। আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ বিনামূল্যে সম্পন্ন করা যাবে এবং সংশ্লিষ্ট উপজেলার যেকোনো তফসিলি ব্যাংকের শাখায় নির্ধারিত ফরম জমা দিতে হবে।
কর্মসূচি বাস্তবায়নের বিস্তারিত নির্দেশনাসংবলিত সার্কুলার আগামী ১৬ সেপ্টেম্বর জারি করা হবে। সার্কুলার জারির পরবর্তী এক মাস পর্যন্ত আবেদন দাখিলের সুযোগ থাকবে। প্রাথমিকভাবে দেশের আটটি বিভাগের আটটি জেলার ৬৪টি উপজেলায় এই কর্মসূচি শুরু হবে। জেলাগুলো হলো— মানিকগঞ্জ, ফেনী, নওগাঁ, ঝিনাইদহ, ভোলা, হবিগঞ্জ, রংপুর ও নেত্রকোনা। প্রথম পর্যায়ে প্রতিটি উপজেলা থেকে ১০ জন করে মোট ৬৪০ জন তরুণ উদ্যোক্তা নির্বাচন করা হবে। পরবর্তীতে ধারাবাহিকভাবে দেশের অন্যান্য জেলাতেও এটি সম্প্রসারণ করা হবে এবং প্রতি বছর ৫ হাজার তরুণ উদ্যোক্তাকে সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে বাংলাদেশ ব্যাংকের।
এই কর্মসূচির পরিধি কেবল অর্থায়নের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। নির্বাচিত উদ্যোক্তাদের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ, অভিজ্ঞ পরামর্শকের মাধ্যমে ধারাবাহিক পরামর্শ, ব্যবসা নিবন্ধন ও ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়নে সহায়তা দেওয়া হবে। এছাড়া বাজারের সঙ্গে সংযোগ স্থাপনের সুযোগও তৈরি করে দেওয়া হবে। বাংলাদেশ ব্যাংকের প্রত্যাশা, একজন সফল ক্ষুদ্র উদ্যোক্তা গড়ে ৩ থেকে ৫ জনের কর্মসংস্থান সৃষ্টি করতে পারেন, যা দেশের নতুন কর্মসংস্থান সৃষ্টি ও সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।





























