আগস্টে ২৯৬ কোটি ডলার রেমিট্যান্স পেল বাংলাদেশ
- আপডেট সময় : ১১:১২:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ ১৬ বার পড়া হয়েছে

সদ্য শেষ হওয়া আগস্ট মাসে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশে মোট ২৯৬ কোটি ৬৩ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। টাকার অংকে এই অর্থের পরিমাণ ৩৬ হাজার ৪৯০ কোটি টাকারও বেশি। এর আগের মাস জুলাইয়ে রেমিট্যান্স এসেছিল ২৮৫ কোটি ৮৭ লাখ ডলার। সেই হিসেবে মাত্র এক মাসের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ১০ কোটি ৮০ লাখ ডলার বা প্রায় ৩ দশমিক ৮ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, আগস্ট মাসে সবচেয়ে বেশি রেমিট্যান্স পেয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ। ব্যাংকটির মাধ্যমে এসেছে ৫৫ কোটি ডলার, যা দেশের মোট রেমিট্যান্সের প্রায় ১৮ দশমিক ৬ শতাংশ। দ্বিতীয় অবস্থানে রয়েছে রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক, যারা পেয়েছে ১৬ কোটি ডলার। তৃতীয় অবস্থানে থাকা ডাচ্-বাংলা ব্যাংক পেয়েছে ১৫ কোটি ৭৫ লাখ ডলার। এরপর ঢাকা ব্যাংক ১৪ কোটি ৮৪ লাখ ডলার এবং সোনালী ব্যাংক প্রায় ১৪ কোটি ডলার রেমিট্যান্স পেয়েছে। শীর্ষ এই পাঁচটি ব্যাংকের মাধ্যমেই আগস্টে মোট ১১৫ কোটি ৮০ লাখ ডলার এসেছে, যা মোট প্রবাসী আয়ের প্রায় ৩৯ শতাংশ।
অন্যদিকে, আগস্ট মাসে কয়েকটি ব্যাংকে কোনো রেমিট্যান্সই আসেনি। এর মধ্যে রয়েছে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব), আইসিবি ইসলামিক ব্যাংক, পদ্মা ব্যাংক ও ব্যাংক আল-ফালাহ। এ ছাড়া হাবিব ব্যাংক ও ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তানও আগস্টে কোনো রেমিট্যান্স পায়নি।
ব্যাংক খাতভিত্তিক হিসাবে দেখা যায়, আগস্টে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলো পেয়েছে ৪৩ কোটি ৩৪ লাখ ডলার। এর সঙ্গে বিশেষায়িত রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর ২৯ কোটি ১৯ লাখ ডলার যোগ করলে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে মোট প্রায় ৭২ কোটি ৫৪ লাখ ডলার। সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে। আগস্টে এ খাতের ব্যাংকগুলো পেয়েছে প্রায় ২২৩ কোটি ৪৫ লাখ ডলার। অন্যদিকে বিদেশি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে মাত্র ৬ দশমিক ৭৪ মিলিয়ন ডলার বা প্রায় ৬৭ লাখ ডলার।
জুলাইয়ের সঙ্গে তুলনা করলে দেখা যায়, মোট রেমিট্যান্স বৃদ্ধির পেছনে বড় ভূমিকা রেখেছে বেসরকারি ব্যাংকগুলো। জুলাইয়ে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছিল ২ হাজার ৮৯ দশমিক ৮৯ দশমিক ৮৭ মিলিয়ন ডলার, যা আগস্টে বেড়ে ২ হাজার ২৩৪ দশমিক ৫৩ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। অর্থাৎ এক মাসে এ খাতে রেমিট্যান্স বেড়েছে ১৪৪ দশমিক ৬৬ মিলিয়ন ডলার বা প্রায় ৬ দশমিক ৯ শতাংশ। বিপরীতে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর রেমিট্যান্স ৪৩৭ দশমিক ৯৭ মিলিয়ন ডলার থেকে কমে ৪৩৩ দশমিক ৪৬ মিলিয়ন ডলারে নেমেছে। বিশেষায়িত ব্যাংকগুলোর ক্ষেত্রে জুলাইয়ের ৩২৫ দশমিক ৫১ মিলিয়ন ডলার থেকে আগস্টে তা কমে ২৯১ দশমিক ৯১ মিলিয়ন ডলারে নেমে এসেছে। বিদেশি ব্যাংকগুলোর রেমিট্যান্স অবশ্য ৫ দশমিক ৩২ মিলিয়ন ডলার থেকে বেড়ে ৬ দশমিক ৭৪ মিলিয়ন ডলারে উঠেছে।



























