বিএসইসির ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর, ৫ জনের বেতন অবনমন
- আপডেট সময় : ১২:০৪:২৬ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ ১২ বার পড়া হয়েছে

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ১৭ কর্মকর্তাকে একসঙ্গে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। একই সঙ্গে বিভিন্ন পর্যায়ের আরও পাঁচজন কর্মকর্তার বেতন সর্বনিম্ন স্তরে নামিয়ে আনা হয়েছে। বিএসইসি প্রতিষ্ঠার পর থেকে একসঙ্গে এত বিপুলসংখ্যক কর্মকর্তাকে অবসরে পাঠানোর ঘটনা এটিই প্রথম। অত্যন্ত সতর্কতা ও গোপনীয়তার সঙ্গে সরকারের শীর্ষ পর্যায়ের নির্দেশনা অনুযায়ী বিএসইসি এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে।
জানা যায়, গত বছরের ৫ মার্চ বিএসইসির তৎকালীন চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ ও অন্যান্য কমিশনারদের চার ঘণ্টার বেশি সময় অবরুদ্ধ করে নাজেহাল করার ঘটনায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে পরিচালিত তদন্ত ও বিভাগীয় মামলার প্রক্রিয়া শেষে মোট ২৩ জন কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল। এর মধ্যে ২২ জনের বিরুদ্ধে মঙ্গলবার এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। অভিযুক্ত অন্য এক কর্মকর্তা পূর্বের অন্য একটি অভিযোগের কারণে আগেই বরখাস্ত হওয়ায় তার বিরুদ্ধে নতুন করে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
শাস্তিপ্রাপ্ত একাধিক কর্মকর্তা জানান, মঙ্গলবার বিএসইসির পক্ষ থেকে তাদের সিদ্ধান্তের কথা জানানো হয় এবং বুধবার তারা বরখাস্তের আনুষ্ঠানিক চিঠি হাতে পেয়েছেন। অনেকে রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে এই চিঠি গ্রহণ করেছেন।
উল্লেখ্য, গত বছরের ৫ মার্চ বিএসইসির তৎকালীন নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারীরা কমিশনের সভাকক্ষে চেয়ারম্যান ও কমিশনারদের অবরুদ্ধ করে রাখেন। পরে সেনাবাহিনী এসে তাদের উদ্ধার করেন। সে সময় তারা বিভিন্ন দাবিদাওয়া ও তৎকালীন কমিশনের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ তুলে কর্মবিরতি পালন করেন, যার ফলে সংস্থাটিতে কয়েক দিন বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করে।
ঘটনার পরিপ্রেক্ষিতে দায়ের হওয়া মামলার অভিযোগে বলা হয়, তৎকালীন চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, কমিশনার মো. মহসিন চৌধুরী, মো. আলী আকবর ও ফারজানা লালারুখের উপস্থিতিতে সভা চলাকালে অভিযুক্তরা জোরপূর্বক সভাকক্ষে প্রবেশ করেন। তারা কমিশনের মূল ফটকে তালা দেওয়া, সিসিটিভি ক্যামেরা, ওয়াই-ফাই, লিফট ও বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করে অরাজক পরিস্থিতি সৃষ্টি করেন। এ ঘটনায় ৬ মার্চ বিএসইসির তৎকালীন চেয়ারম্যানের নিরাপত্তায় নিয়োজিত গানম্যান আশিকুর রহমান বাদী হয়ে রাজধানীর শেরেবাংলা থানায় ১৬ কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন। ফৌজদারি মামলার পাশাপাশি সরকারি বিধি অনুযায়ী বিভাগীয় মামলাও রুজু করা হয়েছিল।





























