১৭ দিনে দেশে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা
- আপডেট সময় : ০৬:১৮:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬ ০ বার পড়া হয়েছে

আগস্ট মাসের প্রথম ১৭ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১৮৮ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। প্রতি ডলার ১২৩ টাকা বিনিময় হার ধরে দেশীয় মুদ্রায় এই অর্থের পরিমাণ ২৩ হাজার ২১০ কোটি ১০ লাখ টাকা। মঙ্গলবার (১৮ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, শুধু সোমবার (১৭ আগস্ট) একদিনে দেশে এক হাজার ২০৫ কোটি ৪০ লাখ টাকা রেমিট্যান্স এসেছে। গত বছরের আগস্ট মাসের প্রথম ১৭ দিনে প্রবাসী আয়ের পরিমাণ ছিল ১৪২ কোটি ৪০ লাখ ডলার। সেই হিসেবে গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের এই সময়ে রেমিট্যান্স প্রবাহ ৩২ দশমিক ৬০ শতাংশ বেড়েছে।
চলতি অর্থবছরের শুরু থেকে ১৭ আগস্ট পর্যন্ত সামগ্রিক প্রবাসী আয়ের চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে মোট ৪৭৪ কোটি ৬০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল ৩৯০ কোটি ২০ লাখ ডলার। অর্থাৎ গত বছরের তুলনায় চলতি অর্থবছরের এই সময়ে প্রবাসী আয়ের প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ২১ দশমিক ৬০ শতাংশে।




























