শাহজালালে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি, আনসারদের হস্তক্ষেপে নিয়ন্ত্রণে
- আপডেট সময় : ০৯:০৬:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ১ বার পড়া হয়েছে

সোমবার (২১ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১টা ২০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ক্যানোপি-০২ এলাকায় নিরাপত্তা নির্দেশনা অমান্য করে জোরপূর্বক প্রবেশের চেষ্টাকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। সি-শিফটের নিরাপত্তা দায়িত্ব পালনের সময় এক যাত্রীর স্বজন নিরাপত্তা প্রটোকল ও নির্দেশনা উপেক্ষা করে আগমনী গেট দিয়ে বিমানবন্দরের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করেন। এ সময় ডিউটিতে থাকা বিমানবাহিনী ও আনসার সদস্যরা তাকে বাধা দেন।
নিষেধাজ্ঞা অমান্য করে পাশ কাটিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করলে ওই ব্যক্তি মাটিতে পড়ে যান। এ দৃশ্য দেখে সেখানে উপস্থিত তার স্বজনরা মোবাইল ফোনে ভিডিও ধারণ করতে শুরু করেন। নিরাপত্তাজনিত কারণে বিমানবাহিনীর সদস্যদের নির্দেশনায় ভিডিও ধারণ করতে নিষেধ করলে তারা আরও উত্তেজিত হয়ে পড়েন এবং দায়িত্বরত আনসার সদস্যদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে উত্তেজিত ব্যক্তিরা আনসার সদস্যদের ওপর হামলার চেষ্টা করলে তারা আত্মরক্ষার্থে প্রতিরোধমূলক ব্যবস্থা নেন। পরবর্তীতে ক্যানোপি-০২ এলাকায় থাকা অন্য স্বজনরাও সংঘবদ্ধ হয়ে আনসার সদস্যদের ঘিরে ফেলেন।
এমন পরিস্থিতিতে বিমানবাহিনী ও আনসারসহ দায়িত্বরত অন্যান্য নিরাপত্তাকর্মীরা সমন্বিতভাবে দ্রুত পদক্ষেপ নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরিস্থিতি শান্ত হলে উত্তেজিত যাত্রীর স্বজনরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে চলে যান।
এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দায়িত্ব পালনকালে পিসি হাবিবুর রহমান, আনসার মো. নুরুজ্জামান এবং আনসার মো. সাদেকুল সামান্য আহত হন এবং তাদের ইউনিফর্মেও সামান্য ক্ষতি হয়। তবে আহত হওয়ার পরও তারা নিজেদের মনোবল অটুট রেখে বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন অব্যাহত রাখেন।





























