নতুন বৃষ্টি বলয়ের প্রভাবে রাজধানীতে ভোর থেকেই ঝুম বৃষ্টি
- আপডেট সময় : ০৭:৩৬:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬ ৬ বার পড়া হয়েছে

মৌসুমি বায়ুর সক্রিয়তা এবং দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া ‘নির্ঝর’ নামক একটি আংশিক বৃষ্টি বলয়ের প্রভাবে সারাদেশে বৃষ্টির প্রবণতা বাড়তে শুরু করেছে। এই আবহাওয়াজনিত পরিস্থিতির কারণে মঙ্গলবার ভোর থেকেই রাজধানী ঢাকায় ঝুম বৃষ্টি শুরু হয়। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ১১ আগস্ট পর্যন্ত এই বৃষ্টিপাতের ধারা অব্যাহত থাকতে পারে। বিশেষ করে বুধ ও বৃহস্পতিবার বৃষ্টির প্রবণতা সবচেয়ে বেশি থাকার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়াবিদ কাজী জেবুন নেসা জানিয়েছেন, মৌসুমি বায়ুর সক্রিয়তা বাড়ায় বুধবার থেকে সারাদেশে বৃষ্টির মাত্রা আরও বাড়বে। এর মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টির পরিমাণ সবচেয়ে বেশি থাকতে পারে। এছাড়া চট্টগ্রাম বিভাগেও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
এর আগে সোমবার থেকেই দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত শুরু হয়। ওই দিন কক্সবাজারের কুতুবদিয়ায় সর্বোচ্চ ১১৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এছাড়া নোয়াখালীর মাইজদীকোর্টে ৯০, নওগাঁর বদলগাছী ও নীলফামারীর ডিমলায় ৭৯, ফেনীতে ৬৪, কক্সবাজারে ৫৪ এবং রাজধানীতে ২৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
বৃষ্টির দাপট বাড়লেও দেশজুড়ে ভ্যাপসা গরমের অস্বস্তি এখনো কাটেনি। আবহাওয়াবিদদের মতে, সূর্যের আলো খাড়াভাবে বিকিরণের পাশাপাশি বঙ্গোপসাগর থেকে আসা দক্ষিণ-পশ্চিম বায়ুর প্রভাবে বাতাসে জলীয় বাষ্পের আধিক্য থাকায় এই গরম অনুভূত হচ্ছে।
এই বৃষ্টি বলয় সক্রিয় থাকাকালীন রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের নদ-নদীর পানি বেড়ে নিচু এলাকায় সাময়িক বন্যার ঝুঁকি তৈরি হতে পারে বলে সতর্কতা দেওয়া হয়েছে। এছাড়া উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে রোদের পরিমাণ কম থাকবে এবং ৫ ও ৬ আগস্ট সারাদেশের আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। সাগরে বড় কোনো সিস্টেমের আশঙ্কা না থাকলেও, গভীর সঞ্চালনশীল মেঘের কারণে দমকা বা ঝড়ো হাওয়ার ঝুঁকি থাকায় নৌযানগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে।



























