লালমোহনে ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য বিভাগের সচেতনতামূলক প্রচারণা
- আপডেট সময় : ০৯:৪৯:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

ভোলার লালমোহন উপজেলায় ডেঙ্গুর বিস্তার রোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচারণা এবং লিফলেট বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. আবু মাহমুদ তালহা সাদীর উদ্যোগে এই কর্মসূচি পরিচালিত হয়।
কর্মসূচি চলাকালে ডা. আবু মাহমুদ তালহা সাদী সাধারণ মানুষকে ডেঙ্গু থেকে সুরক্ষিত থাকার উপায় নিয়ে সচেতন করেন। তিনি জানান, সারা দেশের মতো লালমোহনেও ডেঙ্গুর প্রকোপ বাড়ছে এবং প্রতিদিনই আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে এই প্রচারণা চালানো হচ্ছে।
স্বাস্থ্য কর্মকর্তা জানান, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই। তিনি বাড়ির ছাদ, ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ড্রাম এবং পুরোনো টায়ারের মতো যেসব স্থানে পানি জমে থাকতে পারে, সেগুলো নিয়মিত পরিষ্কার রাখার আহ্বান জানান। পাশাপাশি মশার কামড় থেকে বাঁচতে মশারি ব্যবহার, মশা প্রতিরোধক প্রয়োগ এবং শরীর ঢেকে রাখে এমন পোশাক পরার পরামর্শ দেন তিনি।
জ্বর হলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার ওপর জোর দিয়ে তিনি বলেন, তীব্র পেটব্যথা, বারবার বমি, রক্তপাত, অতিরিক্ত দুর্বলতা কিংবা শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দিলে দেরি না করে দ্রুত স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে হবে। লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা রোগীদের আন্তরিকতার সঙ্গে সেবা প্রদান করছেন বলেও তিনি উল্লেখ করেন। সবশেষে, তিনি সবাইকে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।




























