লালমোহনে নজরুল বর্ষ ২০২৬ উদযাপন, শিক্ষার্থীদের অংশগ্রহণে মুখর অনুষ্ঠান
- আপডেট সময় : ০৮:০৯:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

ভোলার লালমোহন উপজেলায় ‘নজরুল বর্ষ ২০২৬’ উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে করিমুন্নেছা হাফিজ মহিলা ডিগ্রি কলেজের মিলনায়তনে এই কর্মসূচির আয়োজন করে প্রতিষ্ঠানটি। নতুন প্রজন্মের মাঝে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্যকর্ম ও অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দেওয়াই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সিফাত বিন সাদেক। সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ফিরোজ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজের প্রভাষক আরিফুর রহমান শাহিন এবং ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক বাশার ইবনে মোমিন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোহাম্মদ সিফাত বিন সাদেক বলেন, কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় চেতনা ও সাম্যের প্রতীক। তার ক্ষুরধার লেখনী অন্যায়, শোষণ ও অসাম্যের বিরুদ্ধে যুগে যুগে মানুষকে অনুপ্রাণিত করেছে। নতুন প্রজন্মকে নজরুলের সাহিত্য, জীবনদর্শন ও আদর্শ থেকে শিক্ষা গ্রহণ করে দেশপ্রেম, মানবিকতা ও সাম্যবোধে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ মিজানুর রহমান লিপু, সহকারী অধ্যাপক মো. জাহিদুল ইসলাম নোমান, প্রভাষক রেজাউল রহমান শাহিনসহ শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় সুধীজন। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি ও গানসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে নজরুল বিষয়ক বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।





























