ভারত থেকে বাংলাদেশে পৌঁছাল ১৮টি নতুন ব্রডগেজ রেলকোচ
- আপডেট সময় : ০৩:৩৩:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ১৪ বার পড়া হয়েছে

ভারত থেকে আমদানি করা ১৮টি নতুন ব্রডগেজ যাত্রীবাহী রেলকোচ বাংলাদেশে এসে পৌঁছেছে। এটি মোট ২০০টি রেলকোচ কেনার একটি বড় চুক্তির অংশ হিসেবে আসা প্রথম চালান। পর্যায়ক্রমে অবশিষ্ট ১৮২টি কোচও বাংলাদেশে আনা হবে বলে জানা গেছে।
শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে কোচগুলো চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেলপথ দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। কোচগুলো আসার সময় পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা হাসিনা খাতুন, অতিরিক্ত বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা ফয়সাল আহমেদ এবং দর্শনা আন্তর্জাতিক রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মামুনুর রশিদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৪ সালের ২০ মে ভারতের রাইটস লিমিটেডের সঙ্গে ২০০টি ব্রডগেজ কোচ কেনার এই চুক্তি স্বাক্ষরিত হয়। পরবর্তীতে ২০২৫ সালের ১১ নভেম্বর চুক্তিটি সংশোধন করা হয়েছিল।
পাকশী বিভাগীয় রেলওয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম জানান, দর্শনা স্টেশনে প্রাথমিক পরিদর্শন এবং শুল্কসংক্রান্ত যাবতীয় কার্যক্রম সম্পন্ন করার পর কোচগুলো নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানায় নিয়ে যাওয়া হবে। সেখানে কারিগরি পরীক্ষা-নিরীক্ষা শেষ হওয়ার পর কোচগুলো যাত্রীবাহী ট্রেনের বহরে যুক্ত করার প্রক্রিয়া শুরু হবে।





























