রংপুর রেঞ্জে সেরা নীলফামারী জেলা পুলিশ
- আপডেট সময় : ০২:২৫:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ১ বার পড়া হয়েছে

রংপুর রেঞ্জ পুলিশের সেপ্টেম্বর ২০২৬ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় সার্বিক কর্মদক্ষতার ভিত্তিতে নীলফামারী জেলা পুলিশকে রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ জেলা হিসেবে নির্বাচিত করা হয়। সভায় সভাপতিত্ব করেন রংপুর রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ, বিপিএম। সভা শেষে নীলফামারী জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খাঁন ক্রেস্ট ও সম্মাননা সনদ গ্রহণ করেন।
সভায় রেঞ্জভুক্ত আটটি জেলার সার্বিক অপরাধ পরিস্থিতি, মাদক উদ্ধার, মামলা রুজু ও নিষ্পত্তি, গ্রেফতারি পরোয়ানা তামিল, সড়ক দুর্ঘটনা ও ট্রাফিক আইন প্রয়োগসহ বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়। ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ পুলিশ সদস্যদের পেশাদারিত্ব বজায় রাখা এবং মামলার তদন্তে সর্বোচ্চ দক্ষতা ও দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার নির্দেশ দেন। তিনি বলেন, “পেশাদারিত্ব থেকে আমরা বের হয়ে গেছি, আমাদের পেশাদারিত্ব বজায় রাখতে হবে।” একই সঙ্গে তিনি মাঠপর্যায়ে জনগণের প্রত্যাশা অনুযায়ী কার্যকর ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।
সভায় উপস্থাপিত সেপ্টেম্বর মাসের তথ্যানুযায়ী, রংপুর রেঞ্জে মোট ১ হাজার ৭৪৪টি মামলা রুজু এবং ১ হাজার ৭৭০টি মামলা নিষ্পত্তি হয়েছে। এই সময়ে রেকর্ডকৃত অপরাধের মধ্যে ২১টি খুন, ৫টি দস্যুতা, ৩টি অপহরণ, ৭১টি ধর্ষণ (যার মধ্যে ৩টি গণধর্ষণ), ১৭২টি নারী নির্যাতন (ধর্ষণ ছাড়া), ২৩টি শিশু নির্যাতন (ধর্ষণ ছাড়া) এবং ৮৮টি চুরির ঘটনা রয়েছে। এ ছাড়া মাদকদ্রব্য উদ্ধার-সংক্রান্ত ৫৬২টি মামলা হয়েছে।
তদন্তকারী কর্মকর্তাদের উদ্দেশ্যে ডিআইজি প্রতিটি মামলার সুষ্ঠু, নিরপেক্ষ ও মানসম্মত তদন্ত নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে অপরাধীদের আইনের আওতায় আনার ওপর জোর দেওয়া হয়। এছাড়া, সেপ্টেম্বর মাসের শুরুতে রংপুর রেঞ্জে ৪০ হাজার ৪৮৫টি জিআর ও সিআর গ্রেফতারি পরোয়ানা অনিষ্পন্ন ছিল। মাসজুড়ে ৬ হাজার ৭৯টি পরোয়ানা নিষ্পত্তি হওয়ায় বর্তমানে অনিষ্পন্ন পরোয়ানার সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ হাজার ৪০৬টিতে।




























