মমতার বাসভবনের কাছে ছুরি নিয়ে হামলার চেষ্টা, আটক ১
- আপডেট সময় : ০৩:১০:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর কালীঘাটের বাসভবনের কাছে মঙ্গলবার এক হামলার চেষ্টার ঘটনা ঘটেছে। সংসদ সদস্য দোলা সেনের অভিযোগ অনুযায়ী, সন্ধ্যায় মমতা ব্যানার্জীর বাড়ির সন্নিকটে ৩৮ বছর বয়সী এক নারী তার ওপর হামলার চেষ্টা চালান। তিনি জানান, পেশায় সিভিক ভলান্টিয়ার ওই নারী ছুরি বহন করছিলেন এবং তিনি মানসিকভাবে সুস্থ অবস্থায় ছিলেন না।
দোলা সেনের ভাষ্যমতে, অভিযুক্ত নারী সাবেক মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে গালিগালাজ করেন এবং রাস্তায় শুয়ে পড়েন। এই ঘটনার প্রেক্ষিতে কালীঘাট থানায় ই-মেইলের মাধ্যমে অভিযোগ দায়ের করা হয়েছে এবং অভিযুক্ত নারীকে পুলিশ আটক করেছে। দোলা সেন সাবেক মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় গাফিলতির অভিযোগ তুলে বিজেপি সরকারের সমালোচনা করেছেন। অভিযোগের প্রতিলিপিটি সাকেত গোখালে শেয়ার করেছেন।
কলকাতা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছে যে, সিভিক ভলান্টিয়ার ওই নারী সাবেক মুখ্যমন্ত্রীর সঙ্গে তর্কে জড়িয়ে পড়েছিলেন। পুলিশ কমিশনার অজয় নন্দা জানিয়েছেন, ঘটনাস্থল থেকে আটক ওই নারী মানসিকভাবে পুরোপুরি সুস্থ নন বলে প্রাথমিক রিপোর্টে উঠে এসেছে। পুলিশ বর্তমানে তার হামলার পেছনের উদ্দেশ্য বা মোটিভ সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করছে।





























