আজমিরীগঞ্জে র্যালি ও আলোচনার মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত
- আপডেট সময় : ০৫:০৪:৩৩ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

হবিগঞ্জের আজমিরীগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মিলনায়তনে গিয়ে শেষ হয়।
র্যালি পরবর্তী আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ নূরুল হুদা। বিরাট সারদা সুন্দরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও বিভাগীয় শ্রেষ্ঠ শিক্ষক মেরাজুল ইসলাম সভাটি সঞ্চালনা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) জসিম উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে অংশ নেন আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হাসিবুল ইসলাম এবং আজমিরীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ শাহ জাহান শেখসহ অনেকে।
আলোচনা সভায় বক্তারা বলেন, একজন শিক্ষক কেবল পাঠদানই করেন না, বরং শিক্ষার্থীদের জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে গড়ে তুলে একটি সুন্দর সমাজ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাই সমাজে শিক্ষকের মর্যাদা ও সম্মান সবার উপরে থাকা উচিত। বক্তারা শিক্ষকদের যথাযথ অধিকার ও সম্মান নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
উক্ত অনুষ্ঠানে আজমিরীগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, কলেজ অধ্যক্ষ, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং সুশীল সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



























