পিরোজপুরে ভারতীয় শাড়িসহ ফিশিং ট্রলার জব্দ
- আপডেট সময় : ০৯:১৪:১৪ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

পিরোজপুরের হুলারহাটে অবৈধভাবে নিয়ে আসা বিপুল পরিমাণ ভারতীয় শাড়িসহ একটি ফিশিং ট্রলার জব্দ করেছে কোস্টগার্ড। শুক্রবার (২ অক্টোবর) দিবাগত রাতে বলেশ্বর নদীতে ধাওয়া করে 'এফবি হাজী পেয়ার' নামের এই মাছ ধরার ট্রলারটি আটক করা হয়। তবে অভিযানের সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ট্রলারে থাকা লোকজন সেটি ফেলে রেখে পালিয়ে যান।
কোস্টগার্ড বরগুনার পাথরঘাটা বিসিজির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ চরদোয়ানী এলাকায় ট্রলারটিকে থামার সংকেত দেয়। কিন্তু সংকেত অমান্য করে ট্রলারটি পিরোজপুরের দিকে দ্রুত গতিতে এগিয়ে যেতে থাকে। এরপর কোস্টগার্ডের সদস্যরা ধাওয়া করলে চালকরা ট্রলারটি হুলারহাট খালে রেখে পালিয়ে যান। পরে কোস্টগার্ড সদস্যরা ট্রলারটি উদ্ধার করে পিরোজপুর সদর উপজেলার বেকুটিয়া ফেরিঘাট পয়েন্টে নিয়ে আসেন। সেখানে তল্লাশি চালিয়ে ট্রলারের ভেতর থেকে বস্তাভর্তি বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়।
বেকুটিয়া ফেরিঘাটের স্থানীয় বাসিন্দা সালমান হাওলাদার জানান, ফজরের নামাজের পর তিনি ঘাটে একটি মাছ ধরার ট্রলার বাঁধা দেখতে পান। পরে জানতে পারেন সেটিতে অবৈধভাবে আনা শাড়ি রয়েছে। বিকেলে পুলিশকে ট্রলার থেকে অনেকগুলো বস্তা বের করতে দেখেন তিনি। চয়ন ফকির নামের আরেক বাসিন্দা জানান, ঘাটে পুলিশের গাড়ি দেখে তিনি খোঁজ নিয়ে জানতে পারেন ট্রলারে চোরাই মাল রয়েছে। রাস্তার পাশে শত শত বস্তা রাখা হতে দেখেছেন তিনি।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড ও থানা পুলিশের যৌথ সহযোগিতায় বিপুল পরিমাণ ভারতীয় শাড়িসহ ফিশিং বোর্ডটি আটক করা হয়েছে। ট্রলার থেকে মালামাল খালাস করে গণনার কাজ চলছে। গণনা শেষ হলে এ বিষয়ে বিস্তারিত তথ্য ও উদ্ধারকৃত পণ্যের সঠিক পরিমাণ জানানো সম্ভব হবে।


























