ভাঙ্গুড়ায় শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি: প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা
- আপডেট সময় : ১০:৪৭:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে পাবনার ভাঙ্গুড়া উপজেলার পালপাড়ায় এখন চলছে সাজ সাজ রব। পূজা শুরু হতে আর মাত্র পনেরো দিন বাকি থাকলেও মৃৎশিল্পীরা এখন দিন-রাত সমানতালে প্রতিমা তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন।
উপজেলার পালপাড়ায় সরেজমিনে দেখা যায়, কারিগরেরা খড়, কাঠ, সুতা ও মাটির সমন্বয়ে নিপুণ হাতে দেবদেবীর প্রতিমা তৈরি করছেন। কেউ ব্যস্ত কাঠামো তৈরিতে, কেউ মাটি দিয়ে ফুটিয়ে তুলছেন দেবীর অবয়ব, আবার কেউবা নিপুণ তুলির আঁচড়ে শৈল্পিক কারুকাজে প্রতিমাকে জীবন্ত করে তুলছেন। এই কর্মযজ্ঞে মৃৎশিল্পীদের পাশাপাশি পরিবারের নারী ও শিশুরাও সাধ্যমতো সহযোগিতা করছেন।
ভাঙ্গুড়া উপজেলা পূজা উদ্যাপন পরিষদের উপদেষ্টা এবং হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ও টিভি শিল্পী নির্মল কুমার রায় জানান, এ বছর ভাঙ্গুড়া উপজেলায় মোট ২১টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
পূজা উদ্যাপনের আনুষ্ঠানিকতা প্রসঙ্গে তিনি আরও বলেন, মহালয়া, মহাপঞ্চমী, মহাষষ্ঠী, মহাসপ্তমী, মহাষ্টমী, মহানবমী ও বিজয়া দশমীর দিন শঙ্খনাদ, উলুধ্বনি, ঢাকঢোলের বাদ্য আর অশ্রুভেজা ভক্তির আবহে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি ঘটবে। তিনি আশা প্রকাশ করেন যে, এবারের দুর্গাপূজা অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হবে।




























