ভাঙ্গায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ডাকাত সর্দারসহ ৮
- আপডেট সময় : ১১:২১:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ০ বার পড়া হয়েছে

ফরিদপুরের ভাঙ্গায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সরঞ্জামসহ আন্তঃজেলা ডাকাত দলের সর্দারসহ ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে ভাঙ্গা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মধ্যপাড়া হাসামদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন—ডাকাত দলের সর্দার সুজন মাতুব্বর (৩০), দেলোয়ার খন্দকার ওরফে দেলু (৪০), মো. মান্নান ওরফে মান্দার খা (৫০), মো. মিরাজুল শেখ ওরফে মিরাজ (৩৮), মো. সোহাগ কাজী (২৭), মো. রকীব খান ওরফে রাজু (৩৪), আলমগীর মোল্লা (৩৫) ও হৃদয় খান (২৫)। গ্রেপ্তার হওয়া এই ব্যক্তিদের বাড়ি ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ ও পিরোজপুর জেলার বিভিন্ন এলাকায় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গা থানার এসআই মো. মামুন হাওলাদারের নেতৃত্বে পুলিশের একটি দল পৌর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে মধ্যপাড়া হাসামদিয়া এলাকার আব্দুল মজিদ তালুকদারের বসতবাড়ির উত্তর পাশের বাগান থেকে গোপন বৈঠক ও ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় তাদের হাতেনাতে ঘিরে ফেলে গ্রেপ্তার করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে বিভিন্ন দেশীয় অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে সর্দার সুজন মাতুব্বরের বিরুদ্ধে ৭টি, দেলোয়ার খন্দকারের বিরুদ্ধে ৮টি এবং মো. মান্নানের বিরুদ্ধে ১৪টিসহ বিভিন্ন অপরাধের মামলা বিচারাধীন রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সংঘবদ্ধভাবে ওই এলাকায় বড় ধরনের ডাকাতির প্রস্তুতি নেওয়ার কথা স্বীকার করেছে। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে ভাঙ্গা থানায় একটি ডাকাতির প্রস্তুতির মামলা দায়ের করেছে।




























