রূপগঞ্জে ৩০০ বোতল বিদেশি মদসহ আটক ৬
- আপডেট সময় : ০৩:২৩:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ১ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩০০ বোতল (১৮০ লিটার) বিদেশি মদসহ ছয়জনকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গত শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সিলেট-ঢাকা মহাসড়কের সাওঘাট চুঙ্গির পাড় এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশিকালে তাদের আটক করা হয়। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত দুটি প্রাইভেটকারও জব্দ করেছে সংস্থাটি।
আটককৃত ছয়জন হলেন—হবিকুল (২৫), রুবেল হাসান (২৯), রাকিব (২২), মো. মিজানুর রহমান (২৮), ফারুক মিয়া (২৮) এবং নূর ইসলাম হোসেন সবুজ (২৭)।
এসআরবি সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মহাসড়কে চেকপোস্ট বসানো হয়। এসময় একটি প্রাইভেটকার সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করলে সেটির গতিরোধ করা হয়। পরে তল্লাশি চালিয়ে ৩০০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছেন, তারা সিলেট থেকে ঢাকার দিকে মদগুলো নিয়ে যাচ্ছিলেন। বিভিন্ন জেলা থেকে মদ সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রির সঙ্গে তারা জড়িত বলে সংস্থাটির ভাষ্য।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, এসআরবির অভিযানে আটক ছয়জনসহ জব্দকৃত আলামত থানায় হস্তান্তর করা হয়েছে। বর্তমানে আটককৃতদের হেফাজতে নিয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।



























