১৫ বছর পর ভারতে থেকে দেশে ফিরলেন নিখোঁজ আনজু
- আপডেট সময় : ০৭:৫৪:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

দীর্ঘ দেড় দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মায়ের কোলে ফিরেছেন আনজু (৩৫)। মানসিক অসুস্থতার কারণে ১৫ বছর আগে বাড়ি থেকে নিখোঁজ হয়ে অজান্তেই সীমান্ত পেরিয়ে ভারতে চলে গিয়েছিলেন তিনি। দীর্ঘ সময় পর তাকে ফিরে পেয়ে বেনাপোল সীমান্তে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। বুধবার বিকেলে ভারতীয় কর্তৃপক্ষ তাকে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করলে মা আনোয়ারা বেগম (মতান্তরে জোসনা বেগম) সন্তানকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন।
পরিবারিক সূত্রে জানা যায়, পনেরো বছর আগে তীব্র মানসিক অসুস্থতার কারণে আনজু বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হন। উদ্দেশ্যহীনভাবে ঘুরে একসময় তিনি ভারতে প্রবেশ করেন। ২০১৭ সালের দিকে কলকাতার পাবলভ মানসিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাকে পাওয়া যায়। এরপর কলকাতার মানবিক সহায়তা সংস্থা 'ঈশ্বর সংকল্প' তার চিকিৎসার পাশাপাশি পরিবারের সন্ধানে উদ্যোগী হয়।
আনজুর পরিচয় শনাক্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন অ্যামেচার রেডিও সোসাইটি অব বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক এবং রোটারি ক্লাব অব বনানী, ঢাকার সদস্য মো. শামসুল হুদা। তিনি প্রযুক্তির সহায়তা ও মাঠপর্যায়ের অনুসন্ধানের মাধ্যমে ঠাকুরগাঁওয়ে আনজুর পরিবারের সন্ধান পান। এরপর দুই দেশের প্রশাসনিক ও আইনি প্রক্রিয়া শুরু হয়।
এই দীর্ঘ প্রক্রিয়ায় বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, কলকাতার বাংলাদেশ উপহাইকমিশন এবং ভারতের পশ্চিমবঙ্গ সরকারের নারী ও শিশু উন্নয়ন দপ্তর সমন্বিতভাবে কাজ করেছে। সব আনুষ্ঠানিকতা শেষে ভারত সরকার বিশেষ ট্রাভেল পারমিট ইস্যু করলে আনজুকে বাংলাদেশে ফিরিয়ে আনা সম্ভব হয়। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে প্রয়োজনীয় ইমিগ্রেশন ও প্রশাসনিক আনুষ্ঠানিকতা শেষে তাকে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান খান জানান, বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে আনজুকে ভারত থেকে বাংলাদেশে হস্তান্তর করা হয়েছে। দীর্ঘদিন পর পরিবারের কাছে ফিরে যাওয়ার বিষয়টি মানবিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। হস্তান্তরের পর পরিবারের সদস্যরা তাকে নিয়ে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ ইউনিয়নের নিজ বাড়ির পথে রওনা হয়েছেন।



























