পাবনায় পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
- আপডেট সময় : ০৮:৫০:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে

পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের দাশপাড়া গ্রামে বর্ষার পানিতে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। মৃত শিশুরা হলো স্থানীয় কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থী সুমি খাতুন (৭), খালিদ হোসেন (৮) এবং আফিয়া খাতুন (৬)। এদের মধ্যে খালিদ ও আফিয়া আপন ভাই-বোন এবং সুমি একই গ্রামের শিমুল মল্লিকের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে বাড়ির পাশের মাঠে জমে থাকা বর্ষার পানিতে শিশুরা গোসল করতে নেমেছিল। এ সময় তাদের মধ্যে একজন পানিতে তলিয়ে গেলে তাকে উদ্ধার করতে গিয়ে অন্য দুজনও পানিতে ডুবে যায়। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে দ্রুত তাদের উদ্ধার করে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দিকে নিয়ে যান। তবে পথেই তিন শিশুর মৃত্যু হয়।
এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠেছে। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।





























